বিজয় সরণি দিয়েই প্রস্তাবিত মেট্রোরেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। এই দাবিতে ঈদুল আজহার পর গণ-অনশন কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।গতকাল বুধবার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়।মানববন্ধন কর্মসূচিতে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের করা সংসদ ভবন ও সংলগ্ন এলাকার নকশা ক্ষতিগ্রস্ত না করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নানা ধরনের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন, যাতে সংসদ ভবন, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, খামারবাড়ির ভবন ও ফার্মগেট পার্ক রক্ষায় নানা স্লোগান লেখা ছিল।কর্মসূচিতে বক্তারা বলেন, মেট্রোরেলের পথ সংসদ ভবনের পাশ দিয়ে স্থাপন করা হলে লুই কানের নকশা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙা পড়তে পারে।সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘জাতীয় সংসদ শুধু একটা সৌন্দর্যের বিষয় নয়, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থাপত্যশিল্প। এটির কোনো অংশ নষ্ট বা পরিবর্তন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লেখক, বুদ্ধিজীবী, স্থপতিসহ সব পেশাজীবী এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। শুধু একপক্ষের কথা শুনে বিজয় সরণির পরিবর্তে সংসদ ভবনের পাশ দিয়ে মেট্রোরেল করার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।’জিয়ার মাজার করার সময় পরিবেশবাদীরা কোনো কথা বলেননি কেন—সংসদে তোলা প্রধানমন্ত্রীর এই প্রশ্ন সম্পর্কে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরাও প্রশ্ন করতে পারি, রাজনীতিবিদরা দেশের বিবেক। তাঁরা তখন কিছু বলেননি কেন?’স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘প্রধানমন্ত্রী চেয়েছেন বলে সংসদ ভবনের পাশ দিয়ে মেট্রোরেল হবে, এই ধারণা থাকা উচিত নয়। এই পথের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছেন। তাই গণতান্ত্রিক নেত্রী হিসেবে প্রধানমন্ত্রীর উচিত মানুষের মনোভাবের মূল্য দেওয়া।’ইকবাল হাবিব অভিযোগ করেন, বিমানবাহিনীর সঙ্গে আলোচনায় কী ফলাফল বেরিয়ে এসেছে, তা উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়নি বিশেষজ্ঞদের। তিনি জানান, ঈদুল আজহার পর মেট্রোরেলের পথ বিজয় সরণি দিয়ে করার দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করা হবে।মানববন্ধন কর্মসূচিতে স্থপতি, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে আরও বক্তব্য দেন শামসুল ওয়ারেছ, জালাল আহমেদ, হারুন অর রশিদ প্রমুখ।