বিজয়নগরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০, গ্রেপ্তার ৩
রাজধানীর বিজয়নগরে আজ বুধবার দুপুরে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে। এতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানসহ অন্তত ২০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে পল্টনের কালভার্ট রোড থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক শ নেতা-কর্মী নয়াপল্টনের আনন্দ ভবনের সামনে জড়ো হন। সারা দেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি বিজয়নগরের নাইটিংগেল মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে শিবিরের কর্মীরা পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়েন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধঘণ্টা ধরে এ অবস্থা চললে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ একত্র হয়ে শিবিরকর্মীদের লাঠিপেটা করলে তাঁরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যান। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শিবিরের কর্মীদের ইটের আঘাতে ওসি মজিবর রহমানসহ পুলিশের পাঁচ সদস্য এবং শিবিরের ১৫ কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের কর্মী এহতেশামউল্লাহ, শামসুল আলম ও মনির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্যরা রাজারবাগ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।পল্টন থানার ওসি শাহজালাল প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মীদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে হামলা ও তাদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) শেখ সোহরাওয়ার্দী।