বিজয়নগরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের খাঁথাবাড়ি গরুবাজারের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি খাঁথাবাড়ি গরুবাজারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার যাত্রী শামসুল হক ভূঁইয়া (৩৭) ও আজ্ঞাতনামা এক যাত্রী (৪০) ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশার চালককে (৩২) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। শামসুল হকের বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর গ্রামে। গুরুতর আহত দুজন যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।