বিজয়নগরে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগরের একটি বহুতল ভবনে গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডে তিন ব্যক্তি মারা গেছেন।নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের আবু হানিফের ছেলে ইয়াকুব (২২) ও একই উপজেলার পুকুরপাড় গ্রামের জুলহাস শেখের ছেলে মিনারুল শেখ (২৫) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল কাজীবাড়ি গ্রামের শহীদ ফারুকীর ছেলে রাহাত ফারুকী।ফায়ার সার্ভিস সূত্র ও পল্টন থানার পুলিশ জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে ১৭৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির (পুরান ২৪/এ বিজয়নগর) স্কাইলার্ক পয়েন্ট নামের ১২তলা ভবনের ছয়তলায় স্টেপ মিডিয়া লিমিটেডে আগুন লাগে। মুহূর্তেই আগুন সাততলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। পরে ছয়তলার স্টেপ মিডিয়ার একটি কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।আগুনে সাততলার গালফ ওরিয়েন্টস সিওয়েজ ও বেঙ্গল মার্কেটিং নামে দুটি প্রতিষ্ঠানের বেশ কিছু অংশ পুড়ে যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের বৃহত্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মনির হোসেন জানান, নিয়ম অনুযায়ী আগুন নেভানোর জন্য ভবনের ওপরে রাইজার প্ল্যান্ট থাকার কথা। ওই ভবনে তা নেই। এমনকি ফায়ার ডিটেক্টর পর্যন্ত ওই ভবনে ছিল না। কয়েকটি নির্বাপণ যন্ত্র থাকলেও তা ছিল অপর্যাপ্ত। এর মধ্যে কয়েকটি নির্বাপণ যন্ত্র পুরোনো ও ভাঙা ছিল।মনির হোসেন আরও বলেন, এত বড় ভবনের কেউ ফায়ার সার্ভিসের নম্বর রাখেনি। সেখান থেকে একজন লোক এসে খবর দিলে তাকে নিয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়।ইমদাদ নামে স্টেপ মিডিয়ার একজন কর্মী জানান, তাঁরা চারজন স্টেপ মিডিয়ার অফিসে রাতে থাকেন। তিনি থাকেন সাততলায়। আর নিহত তিনজন থাকতেন ছয়তলার একটি কক্ষে। তিনি বলেন, ভোরের দিকে পাশের ভবন থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে তিনি দ্রুত নিচে নামেন। দেখেন, ছয়তলার অফিসে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি আবার ছয়তলায় উঠে দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়াশব্দ পাননি। এরপর তিনি তিনজনের মুঠোফোনে রিং দেন। কিন্তু কেউ মুঠোফোন ধরেনি। স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান জানান, ভোরে ইমদাদ তাঁকে ফোন করে আগুনের ঘটনা জানান। তিনি দ্রুত এসে দেখেন সব পুড়ে গেছে। তিনি আরও জানান, তাঁদের স্টেপ মিডিয়া ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন কাজ করে। তিনি জানান, স্কাইলার্কের ছয় থেকে আটতলা পর্যন্ত তাঁদের প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়। সেখানে প্রায় শতাধিক লোক কাজ করেন। রাতে চারজন কার্যালয়ে থাকেন। নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে বলে তিনি জানান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্কাইলার্ক পয়েন্ট ভবনের ছয়, সাত ও আটতলার কাচ ভাঙা। ছয়তলার স্টেপ মিডিয়ায় গিয়ে দেখা যায়, চারটি কক্ষের সব কটিই পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিটি কক্ষই ছিল কাচ দিয়ে ঘেরা। অফিসে থাকা কম্পিউটার, ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, এলসিডি টিভি, সাউন্ড বক্স, বিভিন্ন আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।সাততলায় গিয়ে দেখা যায়, গালফ ওরিয়েন্টস সিওয়েজের একটি কক্ষের আসবাবপত্র, কাচ ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী পুড়ে গেছে। পাশের বেঙ্গল মার্কেটিংয়ের সামনের কাচ ভেঙে গেছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, ওই ভবনে কোনো আগুন নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা বা বিকল্প পথ চোখে পড়েনি। এত বড় একটি ভবনে এসব থাকা উচিত ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হবে।