বিজয়নগরে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরায় গতকাল শুক্রবার সকালে জনতা বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করে। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে চান্দুরা, সাতগাঁও, রসুলপুর, আবদুল্লাহপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকা অবরোধ করে। তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিভিন্ন স্ল্লোগান দেয়। চান্দুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডলি রানী দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হারিস ও সাংগঠনিক সম্পাদক শামিম চৌধুরীর নেতৃত্বে এই অবরোধ হয়। চেয়ারম্যান ডলি রানী দাস বলেন, ‘বিদ্যুতের দাবিতে আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।’ অবরোধে অংশ নেওয়া সাতগাঁও গ্রামের মাশুক মিয়া (৪৮) বলেন, ‘বিদ্যুৎ-বিভ্রাটে আমরা অতিষ্ঠ। নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি।’খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন চাকমা, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকার, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়। স্বাভাবিক হয় যান চলাচল। ওসি খোরশেদ আলম বলেন, জনতা সড়ক অবরোধ করেনি। বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে। জনসমাগম বেশি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তা স্বাভাবিক হয়।