বিজয়পুরে চিরায়ত বাংলার ঐতিহ্য
কুমিল্লার লালমাই পাহাড়ের কোল ঘেঁষে সমতল ভূমির সাতটি গ্রাম। ওই গ্রামগুলোয় পাল বংশের অধিবাসীরা বংশপরম্পরায় মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করেন। অনন্য বৈশিষ্ট্য ও নকশার কারণে এখানকার মাটির সামগ্রীগুলোর বিশেষ পরিচিতি রয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ ও জাপানে।এখানে মৃৎশিল্প তৈরি হচ্ছে সমবায় সমিতির মাধ্যমে। সমিতির বাইরে কুমারেরাও তৈরি করছেন মৃৎপাত্র। তবে সমিতির মাধ্যমে কারখানায় তৈরি হচ্ছে ফুলদানি, ছাইদানি, টবসহ গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী ও মনীষীদের প্রতিকৃতি। আর সমিতির বাইরের কুমারেরা তৈরি করছেন কলস, দইয়ের বাটি, ঢাকনা।সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর, দক্ষিণ বিজয়পুর, দুর্গাপুর, তেঘরিয়াপাড়া, গাংকুল, বারপাড়া ও নোয়াপাড়া নামে সাতটি গ্রামে মৃৎপাত্র তৈরি হলেও বিজয়পুরকে কেন্দ্র করেই এলাকাটির পরিচিতি। কারণ, সমিতিটির কেন্দ্রস্থল এই বিজয়পুরে। সমিতির নাম বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি।যেভাবে গড়ে ওঠে সমিতি: সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ষাটের দশকে বিজয়পুরে ‘প্রগতি’ নামে একটি সংগঠন ছিল। তখন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান ওই সংগঠনের আমন্ত্রণে সেখানে যান। সেখানে তিনি হিন্দু-অধ্যুষিত সাত গ্রামের পাল বংশের বাসিন্দাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। তাঁদের জীবনমান উন্নয়নের চিন্তা থেকে তিনি ১৫ জনকে নিয়ে একটি সমিতি চালু করেন। এর নাম দেওয়া হয় বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি। ১৬২ দশমিক ৫০ টাকা দিয়ে ওই সমিতির যাত্রা শুরু হয়। উত্তর বিজয়পুরে প্রায় ৮৭ দশমিক ৫০ শতক জায়গা নিয়ে ওই সমিতি। এখানেই প্রতিষ্ঠা করা হয় বিজয়পুর মৃৎশিল্প কেন্দ্র।এখানে বছরের বিভিন্ন সময়ে ২০ জন করে বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়। ১৫ দিনের প্রশিক্ষণ শেষে একজন প্রশিক্ষণার্থী কারিগর হয়ে ওঠেন। পরবর্তী সময়ে এঁরা দেশের বিভিন্ন স্থানে গিয়ে মৃৎশিল্পের কাজ করেন। এ রকম শত শত মৃৎশিল্প কারিগর বের হয়েছে ওই কেন্দ্র থেকে।বর্তমানে ওই সমিতিতে ৫৫ জন শ্রমিক কাজ করেন। বর্তমানে ওই সমিতির সদস্য সংখ্যা ২১০।পৃষ্ঠপোষকতা: বিজয়পুরের মৃৎশিল্পের সুনাম চারদিকে ছড়িয়ে পড়লে সরকার ওই সমিতিকে পৃষ্ঠপোষকতা দেয়। ১৯৭৫ সালে বিসিকের মাধ্যমে ওই সমিতির নামে তিন লাখ ৭৫ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়। ওই টাকা পাওয়া যায় ১৯৮৫ সালে। পরে ২০০৯-১০ অর্থবছরে সমবায় অধিদপ্তর ওই সমিতির নামে দুই কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেয়। ২০১০ সালের জুনে সেখানে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র ও স্থাপনা তৈরি করা হয়।বর্তমানে তিনটি গ্যাসচালিত চুলার মাধ্যমে প্রায় তিন হাজার ধরনের মাটির সামগ্রী তৈরি হয়। এর মধ্যে রয়েছে ফুলদানি, ছাইদানি, টব, ব্যবহারিক তৈজসপত্র ও মনীষীদের প্রতিকৃতি। কার্তিক থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে বেচাবিক্রি ভালো হয়।কারিগরদের কথা: নোয়াপাড়া গ্রামের যুগেন্দ্র চন্দ্র পাল (৫২) সমিতির কারিগর হিসেবে যোগ দেন দেশ স্বাধীন হওয়ার পরপরই। শুরুতে তাঁর বেতন ৭৫ টাকা ছিল। এখন সাড়ে ছয় হাজার টাকা। ‘বাড়ির কাছে প্রতিষ্ঠান হওয়ায় কোনোরকমে চার ছেলেমেয়ে ও স্ত্রী নিয়ে বেঁচে আছি’—বললেন তিনি।এখানকার মাটির সামগ্রী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট যাচ্ছে। রপ্তানি হচ্ছে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। জানালেন সমিতির হিসাবরক্ষক গোবিন্দ পাল।সভাপতি রতন পাল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী ওই কারখানায় একবার আগুন ধরিয়ে দেয়। এরপর উৎপাদন কিছুদিন বন্ধ ছিল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫ হাজার টাকা অনুদান দিলে সেটি পুনরায় ঘুরে দাঁড়ায়।সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু বলেন, বিজয়পুরের মৃৎশিল্পের মান বেশ ভালো। একই কথা বললেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম—‘বিজয়পুরের মাটির তৈরি জিনিসপত্র আমাদের চিরায়ত বাংলার ঐতিহ্য বহন করছে।’কুমারপাড়ার চিত্র: দক্ষিণ বিজয়পুর, তেঘরিয়াপাড়া ও গাংকুল গ্রামে গিয়ে দেখা গেছে, পাল বাড়িগুলোতে নারী-পুরুষ সবাই ভীষণ ব্যস্ত। কেউ পানি দিয়ে মাটি দলিত করছেন, কেউ পাতিল সাজিয়ে রাখছেন, আবার কেউ চুলায় আগুন দিয়ে পাতিল বানাচ্ছেন।তেঘরিয়াপাড়ার বাসিন্দা নারায়ণ চন্দ্র পাল বলেন, সাত গ্রামের শতাধিক পরিবার বছরের বিভিন্ন সময়ে মাটির পাতিল, দইয়ের পাতিল ও ঢাকনা তৈরি করে। পরে বিভিন্ন সময়ে সেগুলো পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয়। একই পাড়ার হারাধন পাল বলেন, ‘ঘরের অভাবে বেশি পাতিল তৈরি করা যাচ্ছে না। বৃষ্টি এলে আমরা কাঁচা পাতিল রাখতে পারি না।’কুমারপাড়ার খুদে কারিগরেরা হতাশা ব্যক্ত করে বলেন, বর্তমানে এক ট্রাক্টর মাটির দাম এক হাজার ৫০০ টাকা। ওই মাটি দিয়ে ছোট আকারের এক হাজার থেকে বারো শ ভাতের পাতিল, বড় আকারের ৬০০ পাতিল এবং ৮০০টি দইয়ের পাতিল বানানো যায়। বর্তমানে জ্বালানি কাঠের দাম বাড়ায় খরচটা বেড়ে যায়।৬৮ বছরের অভিজিৎ পাল কাঁধের ভার বোঝাই করে মাটির পাতিল নিয়ে রাখছিলেন মধ্যম বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পুকুরপাড়ে। জানালেন, ট্রাক আসবে পাতিল নিতে, তাই এখানে জড়ো করা হচ্ছে।