মহানবমীর পূজা অর্চনা, সন্ধ্যা-আরতিসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিজয়া দশমী—প্রতিমা বিসর্জন। সকাল থেকে যাবতীয় আয়োজন ও আনুষ্ঠানিকতা চলবে দেবীকে এক বছরের জন্য বিদায় জানানোর।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ সকাল নয়টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন করে দর্পণ বিসর্জন দেওয়া হবে। আজ দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। বিকেল চারটায় ঢাকেশ্বরী থেকে বের হবে বিজয়ার শোভাযাত্রা। এই শোভাযাত্রা সহকারে দেবীর প্রতিমা নিয়ে যাওয়া হবে বুড়িগঙ্গায় বিসর্জনের জন্য।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।এদিকে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে গতকাল বুধবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুর্গাপূজা উপলক্ষে হিন্দুসম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি সম্প্রদায়ের মানুষ সর্বজনীন এই ধর্মীয় উৎসব উপভোগ করছে দেখে আমার খুব ভালো লাগছে।’প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছালে তাঁকে বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির নেতারা অভ্যর্থনা জানান। রামকৃষ্ণ মিশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অধ্যক্ষ স্বামী অমিয়নন্দজি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, পূজা উদ্যাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সি আর দত্ত, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংসদ মিজানুর রহমান খান, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। এ সময় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী এম শাহজাহান মিয়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।নির্বিঘ্নে পূজা উদ্যাপনের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো সারা দেশে তৎপর থাকায় প্রধানমন্ত্রী তাঁদের সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার প্রতিটি মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করার জন্য সংবিধান সংশোধন করেছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ১১ দলের নেতারা গতকাল ঢাকেশ্বরী, জগন্নাথ হল, রমনা, সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন।