বিজয়ানন্দের সঙ্গে আছে উদ্বেগও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের আর পাঁচটা দিনের সঙ্গে মিসরের আকাশে গতকাল শনিবার সকালের সূর্যটারও কোনো পার্থক্য ছিল না। তার পরও দিনটি ব্যতিক্রম ছিল মিসরবাসীর কাছে। একনায়ক হোসনি মোবারকের পতনের পর গতকাল নতুন দিন শুরু করেছে দেশটির মানুষ। বিজয়ানন্দে উদ্বেলিত জনতা গতকাল দিনভর নেচে-গেয়ে উল্লাস করেছে পথে পথে। তবে সেই সঙ্গে ছিল কিছুটা উদ্বেগও। মোবারকের ছেড়ে যাওয়া ক্ষমতা গিয়ে পড়েছে সেনাকর্তাদের হাতে। একটি সামরিক পর্ষদ এখন দেশ পরিচালনা করবে। তারা দেশকে কোন পথে নিয়ে যায় এবং কত দ্রুত ক্ষমতার পালাবদল ও গণতন্ত্রে উত্তরণ-প্রক্রিয়া সম্পন্ন করে, তা দেখার অপেক্ষায় মিসরীয় জনগণ। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।আশার কথা, মিসরের নতুন সেনাশাসকেরা গতকাল আবারও দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যেই তাঁরা কাজ করবেন। তবে নির্বাচন বা নতুন সরকার গঠনের বিষয়ে কোনো সময়সীমা জানাননি। তাঁরা বলেছেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) হিসেবে কাজ করবে এবং আগের সরকারের করা সব আন্তর্জাতিক চুক্তি মেনে চলবে।এদিকে সামরিক সূত্র জানায়, গতকাল মিসরের তথ্যমন্ত্রী আনাস আল-ফেকিকে গৃহবন্দী এবং সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফ ও শীর্ষস্থানীয় অপর দুই কর্মকর্তার দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।মোবারক হটাও আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল কায়রোর তাহরির স্কয়ার। সেখান থেকে রাস্তা ধরে নীল নদের ওপারে যাওয়ার যে সেতুটি, তার ওপর দাঁড়িয়ে গতকাল খুব সকালে নেচে-গেয়ে ফুর্তি করছিল একদল তরুণ। হাতে হাত ধরে গোল হয়ে চক্কর দিচ্ছিল তারা। তাদের একজন চিৎকার করে বলে উঠল, ‘ওহ্, বিজয়ের সকাল কী সুন্দর।’আর তাহরির স্কয়ারে ১৮ দিন ধরে তাঁবু খাটিয়ে ছিল যে বিক্ষোভকারীরা, তাদের অনেকে এখনো সেখানে রয়ে গেছে। তারা জানিয়েছে, সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তারা সেখানেই থাকবে। সেখানে আসা কৃষি প্রকৌশলী ৪০ বছর বয়স্ক ওসামা তৌফিক সাদাল্লাহ বলেন, ‘আমাদের নতুন জন্ম হয়েছে। এত দিন আমরা অন্যান্য দেশের চেয়ে পেছনে পড়ে ছিলাম। এবার অন্যদের দেখানোর মতো কিছু করতে পেরেছি।’মিসরের অনেক কিছু এখন নির্ভর করছে সেনাকর্তাদের সদিচ্ছার ওপর। ১৮ দিনের টানা বিক্ষোভের মুখে গত শুক্রবার পদত্যাগ করার আগে মোবারক সব ক্ষমতা হস্তান্তর করে গেছেন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের কাছে। এই কাউন্সিলের প্রধান প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল মোহাম্মদ হোসেন তানতাওয়ি। মোবারকের ক্ষমতার বেশির ভাগ সময় অর্থাৎ ১৯৯১ সাল থেকে তিনি এই পদে আছেন। গণবিক্ষোভ শুরু হওয়ার কয়েক দিনের মাথায় সরকার ভেঙে দিয়ে গত ২৯ জানুয়ারি তানতাওয়িকে উপপ্রধানমন্ত্রী নিয়োগ করেন মোবারক। সবাই ধারণা করছে, ৭৫ বছর বয়সী তানতাওয়িই পরবর্তী সম্ভাব্য প্রেসিডেন্ট।আশা করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা নিয়ে শিগগিরই কিছু ঘোষণা করতে পারে সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিল। মোবারকের কাছ থেকে দেশের দায়িত্ব নেওয়ার পর তৃতীয় বিবৃতিতে কাউন্সিল বলেছিল, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে তারা কাজ করবে। আর কাউন্সিল এমন কিছু করবে না, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।২৬ বছরের যুবক মোহম্মাদ রিদা বলেন, ‘আমরা অপেক্ষায় আছি সামরিক বাহিনীর ঘোষণার বাস্তবায়ন দেখার জন্য। আমরা সেনা শাসন চাই না। অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি জোট সরকার গঠন করা হবে—এটাই আমাদের দাবি।’মিসরের বাইরে আন্তর্জাতিক বিশ্বও কিছুটা উদ্বেগ নিয়ে পরিস্থিতি তীক্ষভাবে পর্যবেক্ষণ করছে। মিসরের সেনাকর্তারা কী পদক্ষেপ নিতে যাচ্ছে, তা দেখার অপক্ষোয় আছে সবাই।মোবারক ক্ষমতা ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পূর্ণ গণতন্ত্র ছাড়া অন্য কিছু পরিবর্তনকামী জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। তিনি বলেন, ‘এটা পালাবদলের শেষ নয়, বরং এটি শুরু। আমি নিশ্চিত জানি, মিসরের মানুষের জন্য ভবিষ্যতে কঠিন দিন আসছে। অনেক প্রশ্নের মীমাংসা এখনো হয়নি।’এদিকে কায়রোর প্রাসাদ ছাড়ার পর নিজের শহর শারম আল-শেখের বাড়িতেই উঠেছেন মোবারক। ওই বাড়িতেই তিনি গত ৩০ বছরে বিশ্বের ছোটবড় অনেক নেতার সঙ্গে বৈঠক করেছেন। আপাতত তিনি দেশ ছেড়ে বিদেশে নির্বাসনে যাচ্ছেন না, সেটা প্রায় নিশ্চিত। তবে দুর্নীতির অভিযোগে তাঁর বিচার শুরুর উদ্যোগ নেওয়া হলে তিনি কী সিদ্ধান্ত নেবেন, এখনই বলা যাচ্ছে না। আপাতত শারম আল-শেখের সুরক্ষিত ওই বাড়িতে বসে তিনি সুখস্মৃতি রোমন্থন করবেন, এটাই ধারণা করা হচ্ছে।