বিজয়ার দিনে ওরাওঁদের দাশাই কারাম
নওগাঁর পোরশা উপজেলার ওরাওঁ আদিবাসীদের মধ্যে দাশাই কারাম উৎসব এবার দুর্গোৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে। ওরাওঁ আদিবাসীদের প্রধান কারাম ভাদ্র মাসের চাঁদের পূর্ণিমায় অনুষ্ঠিত হলেও দুর্গাপূজার বিজয়া দশমীর দিনেও কারাম উদ্যাপনের চল ছিল। এ কারামকে দাশাই কারাম বলা হয়ে থাকে। ভাদ্র মাসের চাঁদের পূর্ণিমায় অনুষ্ঠিত কারাম উৎসবকে বলা হয় ভাদই কারাম। অভাব-অনটনের কারণে দাশাই কারাম আর উদ্যাপন হয় না বললেই চলে। এবার পোরশা উপজেলার মুর্শিদাপুর ইউনিয়নের ওরাওঁদের বড় গ্রাম রঘুনাথপুরের আদিবাসীদের সংগঠন ‘লাহন্তি আখড়া’ দাশাই কারাম উদ্যাপনের উদ্যোগ নেয়। এ উদ্যোগে সাড়া দেয় আশপাশের ওরাওঁদের গ্রাম কুস্তিপুকুর, মাটিন্দর, দেশীপাড়া, দাসনগর, দোয়াস, বাগডাঙ্গা, সুড়িপাড়া, শ্রঘন্তী, ভবানীপুর লক্ষ্মীপুর, সোনারপাড়া, পারানপুর, গোকুল, বিদিরপুর, চান্দুরাসহ ২০ থেকে ২৫টি গ্রামের আদিবাসীরা। ১৭ অক্টোবর দশমীর দিন সন্ধ্যায় রঘুনাথপুরে কারাম ডাল কেটে নিয়ে এসে আখড়ায় পুঁতে নানা আনুষ্ঠানিকতার পর গভীর রাত পর্যন্ত নাচ-গান হয়। পরদিন ১৮ অক্টোবর রঘুনাথপুর মাদ্রাসা মাঠে ২০ বা ২৫ গ্রামের আদিবাসী সম্মিলিতভাবে উদ্যাপন করে দাশাই কারাম। পুরুষদের তীরধনুক নিক্ষেপ, নারীদের খেজুর পাটি বুনানো প্রতিযোগিতাসহ অনুষ্ঠিত বেশ কয়েকটি গ্রামে সাংস্কৃতিক দলগুলোর নাচ-গানের প্রতিযোগিতা। অনুষ্ঠিত হয় আলোচনাসভা। স্থানীয় ইউপি সদস্য ও রঘুনাথপুর লাহন্তি আখড়ার সভাপতি লক্ষ্মী রানী খালকোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বঙ্গপাল সর্দার, এভারিস্ট হেমব্রম, আনোয়ার হোসেন প্রমুখ। লক্ষ্মী রানী খালকো বলেন, ‘প্রায় ২০ বছর পর এলাকায় দাশাই কারাম উদ্যাপিত হলো। দীর্ঘদিন পর এলাকায় এ উৎসব উদ্যাপিত হওয়ায় বয়স্করা যেমন আনন্দিত, তেমনি খুশির বন্যায় ভেসেছে তরুণ-তরুণী ও শিশু-কিশোরেরাও। মানুষের সাড়া পেয়ে আমরা উদ্যোক্তরাও উজ্জীবিত। এরপর থেকে প্রতিবছর এখানে দাশাই কারাম উদ্যাপিত হবে।’