বিজয়ী ঘোষণা করতে ইসির প্রতি মিলনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন চাঁদপুর-১ আসনে নির্বাচনের প্রজ্ঞাপন সঠিকভাবে জারি করে তাঁকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।চাঁদপুর-১ আসনে বিএনপির প্রার্থী এহসানুল হক মিলন বলেন, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে দেন চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা। আলমগীর সেই বাতিল আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। কিন্তু ইসি রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এরপর তিনি ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। হাইকোর্টও রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। চেম্বার জজের আদেশ নিয়ে তিনি নির্বাচন করেন এবং আমার চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন।’সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ‘পরবর্তীতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যায় এবং সুপ্রিম কোর্ট আলমগীরের সদস্যপদ বাতিল করেন। সুপ্রিম কোর্টের ওই রায়ের পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে সূক্ষ্ম ত্রুটি রাখা হয়। নির্বাচন কমিশন আলমগীরের সদস্যপদ বাতিল করে চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। সেখানে সচিবের স্বাক্ষর না দিয়ে যুগ্ম সচিবের স্বাক্ষর দেওয়া হয়। নির্বাচন কমিশনের আদেশক্রমে কথাটিও বাদ দেওয়া হয়।’ এহসানুল হক মিলন আরও বলেন, আলমগীর এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন এবং ওই প্রজ্ঞাপন ছয় মাসের জন্য স্থগিত হয়। নির্বাচন কমিশন ভুল করে হোক বা ইচ্ছা করে হোক প্রজ্ঞাপন জারিতে সঠিক পদ্ধতি অনুসরণ না করায় তাঁর সুযোগ নিচ্ছেন আলমগীর। আমি আজই ইসিকে লিখিতভাবে জানাতে যাচ্ছি, তাঁরা যেন প্রজ্ঞাপন সঠিকভাবে জারি করে ওই আসনে বৈধ সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হিসেবে আমাকে বিজয়ী করে।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও বরকতউল্লাহ বুলু।