বিজয়ী প্রার্থী ও প্রিজাইডিং কর্মকর্তার ওপর হামলা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন। এ সময় বিজয়ী প্রার্থী মো. জাকারিয়ার সঙ্গে থাকা সমর্থকদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবারের নির্বাচনে বিজয়ী হয়ে আজ শুক্রবার সকালে ভোগডাবুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য মো. জাকারিয়া ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বের হন। তখন পরাজিত প্রার্থী আবু বক্কর ও আবুল কালামের সমর্থকেরা জাকারিয়া ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে জাকারিয়ার পাঁচ সমর্থক গুরুতর আহত হয়। তাদেরকে বোড়াগাড়ী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।চিলাহাটি পুলিশের তদন্তকেন্দ্রের (আইসি) ইনচার্জ উপপরিদর্শক আমীর হামজা বলেন, এ ঘটনায় পুলিশ সাদ্দাম ও বাচ্চু নামের দুজনকে আটক করেছে। গতকাল রাতে ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে পরাজিত প্রার্থীদের সমর্থকদের হামলার শিকার হয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম। একই উপজেলার গোমনাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌজা গোমনাতী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ তিনটি রাবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে হামলাকারীদের হাত থেকে রবিউল ইসলামকে রক্ষা করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মহন্ত জানান, এ ঘটনায় পুলিশ একটি জিডি করেছে।