বিজয়ী হওয়ার জেদ থাকা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে কাজই করুন না কেন, জেদ থাকা চাই! এটাই আমার সূত্র। আমার ভেতরে জেদ ছিল—একদিন না একদিন জাতীয় দলের হয়ে খেলব। সেই জেদ কিংবা স্বপ্নটা পূরণ হয়েছে। তবে স্বপ্নটা যে ২০১২ সালেই সত্যি হবে, তা ভাবিনি। তবে আশাবাদী ছিলাম। তাই নিঃসন্দেহে বলা চলে—দারুণ একটা বছর পার করলাম। এর জন্য আমার পরিশ্রম ছিল, চেষ্টা ছিল আর ছিল সবার ভালোবাসা ও আশীর্বাদ।এখন ভেবে অবাক হই, এই আমিই একসময় হতাশায় ডুবে গিয়েছিলাম! চেয়েছিলাম ক্রিকেট ছেড়ে দিতে! অনূর্ধ্ব-১৫ থেকে ১৯—সবগুলো দলেই ছিলাম। তবে মাঝে বাদও পড়েছিলাম। তখনই হতাশা পেয়ে বসেছিল। কিন্তু আবার ঘুরেও দাঁড়িয়েছি। ওই যে বললাম জেদ, সেই জেদটাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। যখন খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবতাম, তখন চোখের সামনে ভেসে উঠত মাঠের ছবি। ক্রিকেটার বন্ধুদের মুখের ছবি। বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ক্যাম্প করতাম আমরা, তখন অনেক ক্রিকেটার বন্ধু জুটে গিয়েছিল। দারুণ মজার সময় পার করেছি ওই সময়টাতে। ভাগ্য ভালো, হতোদ্যম হয়ে যাইনি। তাই এখন ক্রিকেট মাঠে ১২ বছরের সাধনার ফল পেতে শুরু করেছি। বেশ ভালো ছাত্র ছিলাম। একদম ছেলেবেলায় সেভাবে ক্রিকেট খেলতাম না। ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর বড় ভাই শাহীন গাজীই আমাকে ক্রিকেট-মাঠে নিয়ে গেলেন। আস্তে আস্তে বড় ভাইয়েরা আমার খেলা পছন্দ করতে শুরু করলেন। তাঁদের সঙ্গেই খেলতাম তখন। এরপর একদিন সুযোগ হলো অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলার। তারপর অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের হয়েও মাঠে নামলাম। পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। আগেই বলেছি, উত্থান-পতনও ছিল। এরপর টানা তিন বছর খেললাম জাতীয় লিগে, বরিশাল বিভাগের হয়ে। জাতীয় লিগের ডেব্যু ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলাম সেবার, ২০১০ সালের কথা। দ্বিতীয়বার হলাম সর্বোচ্চ উইকেটশিকারি। বাংলাদেশ ‘এ’ দল থেকে ডাক এল। গেলাম দক্ষিণ আফ্রিকা সফরে, সেখানেও ভালো করলাম। তার পরই এল আমার জীবনের স্মরণীয় বছর ২০১২ সাল। এ বছরই এক ম্যাচে সেঞ্চুরি আর হ্যাটট্রিক তুলে নিলাম। সবার চোখ আমার দিকেই। জানতাম, ভালো কিছু করলে জাতীয় দলে সুযোগ পাবই। সেটাই করার চেষ্টা করেছি সব সময়। মজার বিষয় হলো, খুলনা স্টেডিয়ামেই ওই সেঞ্চুরি আর হ্যাটট্রিক করেছিলাম। আবার ওয়ানডে অভিষেকও হলো ওই স্টেডিয়ামে। প্রথম খেলাতেই ম্যাচসেরা। দারুণ পয়মন্ত মাঠ আমার জন্য। ওই মাঠেই খেলতে খেলতে বড় হয়েছি। তবে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল খুলনা সার্কিট হাউস মাঠে। জাতীয় দলে সুযোগ হওয়ার পর গিয়েছিলাম সেখানে। অন্য রকম এক অনুভূতি কাজ করছিল সেদিন। সবাই আমাকে চেনে! সবাই আমার খেলায় মুগ্ধ। লজ্জা লজ্জাও লাগছিল—আরে, এই মাঠ থেকেই তো আমার উঠে আসা!আমার বাড়ি পটুয়াখালী। সেখানেও অনেক মজার কাণ্ড ঘটছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা শেষ হওয়ার পর যখন বাড়িতে গেলাম, তখন অনেক দূর থেকে মানুষজন আমাকে দেখতে এল। বেশির ভাগ মানুষই বললেন, ‘বাবা, আমার ছেলে তো তোমার মতো ক্রিকেটার হতে চায়! বলে—ব্যাট-বল কিনে দাও!’ আসলেই তাই! ছোটরা দেখি তুমুল উৎসাহী। এটা অবশ্য বড় আশা-জাগানিয়া ঘটনা। আমাদের ক্রিকেটারের অভাব নেই। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে পুরো দেশে। দরকার কেবল সঠিক পরিচর্যা। যখন খেলা শুরু করেছিলাম, মা-বাবা বলতেন, ‘কেন রে বাবা, এই খেলা খেলতে হবে! কাঠের বল, কোথাও যদি লাগেটাগে!’ তবে বয়সভিত্তিক খেলা শুরু করার পর থেকে তাঁরাও উৎসাহী হয়ে উঠলেন। মা-বাবার উৎসাহ না থাকলে তো এত দূর আসতে পারতাম না। তাই নবীন ক্রিকেটারদের উঠে আসার পেছনে মা-বাবার উৎসাহও অনেক প্রয়োজনীয় ভূমিকা রাখে। সবচেয়ে বড় ব্যাপার, এখনকার ক্রিকেটাররা জানেন, কী করলে ভালো করা যাবে। আমরা এখন অনেক পরিপক্ব, মেধায় এবং পেশাদারির ক্ষেত্রে। জাতীয় দলের ব্যাপারেও একই কথা। আমরা বুঝি, কী করে লক্ষ্যে পৌঁছাতে হয়। তবে সাফল্য তো আর হঠাৎ করেই আসে না। সঠিক পরিকল্পনা, পরিশ্রম, একাগ্রতা—এসব থাকলে সাফল্য সুনিশ্চিত। ২০১২ সালটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য চমৎকার একটা বছর। অনেক দিন বাদে সাদা পোশাক পরে মাঠে নেমেছিলাম আমরা। বেশ ভালো খেলেছি। সবাই জানে, একটা জয়ের সুযোগও এসেছিল। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে তো আমাদের সাফল্য ছিলই। ২০১৩ সালে এর থেকে ভালো কিছু করতে চাই আমরা। এই কথা যেমন দলের বেলায় খাটে, তেমনি খাটে আমার ব্যক্তিগত ক্যারিয়ারের বেলায়ও। ভালো খেলেছি, খেলতে চাই সব সময়। আমি দারুণ আশাবাদী, ২০১৩ সালে বাংলাদেশের ক্রিকেট আরও ভালো করবে। জানি, এর জন্য আরও পরিশ্রম করতে হবে। আর থাকতে হবে জেদ!