স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানজুন মাসের কথা। বিরলে (দিনাজপুর জেলাধীন) পাকিস্তানি বাহিনী খুব শক্ত অবস্থান নিয়েছে। ২৫ এফএফ রেজিমেন্টের দুই প্লাটুন সেনা, সঙ্গে রাজাকার বাহিনীর তিন প্লাটুন। তাদের সাপোর্ট হিসেবে কাঞ্চন নদীর পশ্চিম দিকে তিনটি ফিল্ড আর্টিলারি গানের একটি ডিটাচমেন্ট রাখা হয়েছে। বিরল রেলস্টেশনে আছে দুটি তিন ইঞ্চি মর্টার। সিদ্ধান্ত হয়েছে, এই অবস্থান থেকে পাকিস্তানি বাহিনীকে উৎখাত করতে হবে।পুনর্গঠিত ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য এটা প্রথম অপারেশন। মুক্তিফৌজের নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট নূরুন্নবী। তাঁর ওপরই মূল পরিকল্পনার ভার। লেফটেন্যান্ট নূরুন্নবীর সঙ্গে আছেন ইপিআরের কয়েকজন বীর সৈনিক—সুবেদার মেজর এম এ রব, সুবেদার মমিনুল হক, সুবেদার শুকুর মিয়া, সুবেদার ভুলু মিয়া, নায়েব সুবেদার বদিউর রহমান, নায়েব সুবেদার আবুল কালাম, নায়েব সুবেদার আলী আকবর।লেফটেন্যান্ট নূরুন্নবী ইস্ট বেঙ্গলের ডেল্টা কোম্পানি নিয়ে রেললাইন ধরে পশ্চিম দিক থেকে আক্রমণ করবেন। ইকো কোম্পানির নেতা সুবেদার মেজর রব দক্ষিণ দিক থেকে ঝাঁপিয়ে পড়বেন। এই হলো মোদ্দা পরিকল্পনা। প্রতিটি দলের সঙ্গে তিন ইঞ্চির দুটি করে মর্টার—ফিরে আসার সময় এগুলো ফায়ার কভার দেবে। ডালিমগাঁ রেলস্টেশন এলাকাকে ‘ফরওয়ার্ড অ্যাসেম্বলি এরিয়া’ হিসেবে বেছে নেওয়া হলো।১০ জুন সন্ধ্যার মধ্যেই সব রকম প্রস্তুতি শেষ। বিকেল বেলা লেফটেন্যান্ট নূরুন্নবী দুই বাহিনীকেই অপারেশনাল অর্ডার পড়ে শোনালেন। আক্রমণ হবে ১১ জুন রাত সাড়ে তিনটার সময়। ফরওয়ার্ড অ্যাসেম্বলি এরিয়ায় পৌঁছে শত্রু সম্পর্কে হালফিল সংবাদ নেওয়া হলো। সুবেদার মেজর রব তাঁর কোম্পানি নিয়ে জগদীশপুর বিওপির দিকে এগোচ্ছেন। লেফটেন্যান্ট নূরুন্নবী যাচ্ছেন রাধিকাপুর রেলস্টেশনের দিকে। রাত একটার দিকে দুই বাহিনী নিজ নিজ এফইউপির কাছাকাছি পৌঁছে গেল। তিন ইঞ্চি মর্টার ডিটাচমেন্ট দুটি জায়গামতো রাখা হয়েছে। উইথড্রলের সিগন্যাল দেখতে পেলেই এগুলো ফায়ার সাপোর্ট দেবে।সব ঠিকঠাক মতো এগোচ্ছে। একেবারে নির্ঝঞ্ঝাটে দুই বাহিনী এফইউপিতে পৌঁছে উঁচু স্থানে অবস্থান নিয়েছে। রাত তিনটা ২০ মিনিটে লেফটেন্যান্ট নূরুন্নবীর এমজি ও এলএমজি বাহিনী এফইউপি থেকে শত্রুর অবস্থানের ওপর একযোগে গুলি ছুড়তে শুরু করে। দুই মিনিটেরও কম সময়ের মধ্যে অন্যদিক থেকে সুবেদার মেজর রবের বাহিনীও ব্যাপকভাবে গুলি চালাতে শুরু করে। শত্রুপক্ষ পাল্টা জবাব দিচ্ছে। কাঞ্চন নদীর তীর থেকে শত্রুর ফিল্ড-আর্টিলারি গানগুলো প্রতিরক্ষা বেষ্টনীর চারদিকে গোলা নিক্ষেপ করছে। মুক্তিবাহিনীর এফইউপি দুটি শত্রুর এত কাছে যে, শত্রুপক্ষের তিন ইঞ্চি মর্টারগুলো মুক্তিফৌজকে নাগালে পাচ্ছে না, ওপর দিয়ে চলে যাচ্ছে।বেশিক্ষণ অতিবাহিত হয়নি। দুই দিকে পজিশন নেওয়া দুই কোম্পানির সব কটি অস্ত্র একযোগে হুঙ্কার দিয়ে উঠেছে। এফইউপি থেকে ‘ফায়ার অ্যান্ড মুভ’ পদ্ধতি আমল করে পশ্চিম ও দক্ষিণ দিক থেকে ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি দুটি শত্রুর অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।শত্রুপক্ষের গোলাগুলি কমে এসেছে। খুবই অবাক হওয়ার মতো ঘটনা। মুক্তিফৌজের আক্রমণে শত্রুর আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। ওরা মরিয়া হয়ে আক্রমণ প্রতিহত করবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু শত্রুশিবির প্রায় নীরব হয়ে গেছে। মুক্তিবাহিনী আকাশ কাঁপিয়ে উচ্চারণ করল—‘জয় বাংলা’। লেফটেন্যান্ট নূরুন্নবী ফৌজ নিয়ে বিরল রেলস্টেশনে উঠে এলেন। তখনই প্রথম বোঝা গেল, পাকিস্তানি সেনারা প্রতিরক্ষা এলাকা ফেলে চম্পট দিয়েছে।সুবেদার মেজর রব সিগন্যাল পেয়ে গোলাগুলি মুলতবি করলেন। অভিযান ষোলো আনা সফল। দুই কোম্পানির সেনারা বিরল রেলস্টেশনের উত্তরে জড়ো হয়েছেন। বিজয়ের আনন্দে কিছু সেনা চম্পটে ব্যস্ত পাকিস্তানি সেনাদের ধাওয়া করেছেন। মুক্তিফৌজ উল্লসিত। নিরঙ্কুশভাবে বিজয়ী একটি বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন কাজ। লেফটেন্যান্ট নূরুন্নবী চটপট কিছু উদ্যোগ নিয়ে গোটা বাহিনীকে গুছিয়ে ফেললেন। বিজয়কে সংহত করার জন্য মুক্তিযোদ্ধাদের এলাকার প্রতিরক্ষায় নিয়োজিত করা হলো। বর্ষার মৌসুম চলছে। বিজয়কে শুভেচ্ছা জানাতে বৃষ্টি নামল।কিছুক্ষণ অপেক্ষার পর লেফটেন্যান্ট নূরুন্নবী ও সুবেদার মেজর রব ফেরত যাত্রা শুরু করলেন। একটানা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বিজয়ী মুক্তিসেনারা সকাল নয়টার দিকে তরঙ্গপুর ক্যাম্পে পৌঁছে গেলেন।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-৭)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা