বিজয়ীর পথ হবে বন্ধুর
বারাক ওবামা, নাকি মিট রমনি? হোয়াইট হাউসের কর্তা কে হবেন—এর ফয়সালা কাল ৬ নভেম্বরের ভোটেই হয়ে যাবে। বিশ্লেষকেরা বলছেন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা জটিল সমস্যা মোকাবিলা করতে হবে তাঁকে। ‘দ্য ইকোনমিক টাইমস’-এর এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।বিশ্লেষণে বলা হয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ওবামা ও রিপাবলিকান প্রার্থী রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এমনকি কোনো কোনো জনমত জরিপের ফলে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সমান হওয়ারও ইঙ্গিত দেওয়া হচ্ছে। তাই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য দুই প্রার্থীকে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে। কিন্তু ওবামা-রমনির জন্য সতর্ক বার্তা হলো, নির্বাচিত প্রেসিডেন্ট নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলারও সুযোগ পাবেন না। তাঁকে ভেতরে-বাইরে নানা সমস্যা মোকাবিলা করতে হবে।নির্বাচন শেষে দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচিত প্রেসিডেন্টকে লাখ লাখ বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, কেন্দ্রীয় সরকারের ঋণের বোঝা কমানো, কর, জাতীয় ঐক্য সৃষ্টি, মার্কিন জনগণের নিরাপত্তা, মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ অভ্যন্তরীণ নানা বিষয়ের সুরাহা করতে হবে।এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণে অর্থনৈতিক বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। এটি শুধু ওবামা-রমনির নির্বাচনী বাগযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নির্বাচিত প্রেসিডেন্টকে বাস্তবেও তা মোকাবিলা করতে হবে।আর আন্তর্জাতিক ক্ষেত্রেও নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী প্রেসিডেন্টকে। এর মধ্যে অন্যতম হলো আফগানিস্তানে চলমান যুক্তরাষ্ট্রের এক রক্তক্ষয়ী ও ক্লান্তিকর যুদ্ধের পরিসমাপ্তি টানা। এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান নির্ধারণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক প্রভৃতি বিষয় মোকাবিলায় পরবর্তী প্রেসিডেন্টকে বেশ বেগ পেতে হবে।সব ক্ষেত্রে সফল না হলেও এক দফা দায়িত্ব পালন করায় চাপ সামাল দেওয়ার দক্ষতা আছে বর্তমান প্রেসিডেন্ট ওবামার। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হলে রমনির জন্য তা হবে একেবারেই নতুন অভিজ্ঞতা।