স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানদিনাজপুরের ত্রিশালে (সদর থানা) পাকিস্তানি বাহিনী ক্যাম্প করেছে। ওই ক্যাম্প থেকে ৪০০ গজ দূরে আত্রাই নদী। নদীর ওপারে ভারত। মুক্তিবাহিনী ত্রিশাল ক্যাম্প আক্রমণ করবে।নেতৃত্বের জন্য কলেজপড়ুয়া হামিদুল হোসেন তারেকের ডাক পড়ল। ভারতীয় সেনাবাহিনীর তিনজন ক্যাপ্টেন এসেছেন। এঁরা তারেককে অপারেশনের খুঁটিনাটি বুঝিয়ে দেবেন। মুক্তিবাহিনী অবস্থান নেবে বড়াহার ক্যাম্পে। সেখান থেকে অ্যাসেম্বলি এরিয়ায় যেতে হবে। এখান থেকে কিছুটা সামনেই এফইউপি (ফর্মিং আপ প্লেস)। এফইউপিতে মুক্তিফৌজকে পৌঁছাতে হবে আলো ফোটার আগেই। দিনের প্রথম আলো দেখা দিলেই সারিবদ্ধভাবে পাকিস্তানি সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে।কমান্ডার তারেক খুব মন দিয়ে গোটা পরিকল্পনা বুঝে নিলেন। পরিকল্পনা গোপন রাখতে হবে। আপাতত কমান্ডার ছাড়া অন্য কারও জানার দরকার নেই। তারেক তাঁর দল নিয়ে মহড়া শুরু করলেন। প্রথম দিকে কিছুটা ভুলচুক হলেও দুদিনের মাথায় বাহিনী অনেক দক্ষ, রাতের অন্ধকারেও নিখুঁতভাবে এফইউপিতে পৌঁছে যেতে পারছে।৮ নভেম্বর ১৯৭১। আক্রমণের জন্য দলটিকে সামরিক কায়দায় সাজানো হয়েছে। আক্রমণ হবে পূর্ব দিক থেকে। প্রত্যেকের অস্ত্র, গোলাবারুদ পরীক্ষা করে নিলেন তারেক স্বয়ং। রাত নয়টার দিকে সবাই সিঙ্গেল লাইনে অ্যাসেম্বলি এরিয়ার দিকে যাত্রা শুরু করলেন। টানা এক ঘণ্টা হাঁটার পর মুক্তিফৌজ অ্যাসেম্বলি এরিয়ায় পৌঁছে গেল। ঝটপট এখানকার জরুরি কাজগুলো করে ফেলা হচ্ছে। কাজের তালিকা দীর্ঘ: লোকাল প্রোটেকশন তৈরি করা; অস্ত্র, গোলাবারুদ চূড়ান্তভাবে পরিষ্কার করা; অর্ডার অব মার্চ চেক করা; কমিউনিকেশন ঠিকঠাক আছে কি না, সেটা পরীক্ষা করে দেখা; সবার পরবর্তী কাজ ঠিকঠাক বুঝিয়ে দেওয়া।একটি বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে আছে মুক্তিবাহিনী। হাড়-কাঁপানো শীত। মুক্তিফৌজ কিছুটা নড়াচড়া করে শরীর গরম রাখতে চাইছে। এর মধ্যেই ঘুমিয়ে পড়েছেন কেউ কেউ। রাত সাড়ে তিনটার সময় মুক্তিবাহিনী এফইউপির দিকে রওনা করল।সন্তর্পণে হাঁটছেন সবাই। টুঁ-শব্দ পেলেই পাকিস্তানি সেনারা হুঁশিয়ার হয়ে যাবে। সাড়ে চারটার সময় মুক্তিফৌজ এফইউপিতে পৌঁছাল। অ্যাসল্ট লাইনে দাঁড়িয়ে গেলেন সবাই। সমরবিদ্যা অনুসারে এফইউপিতে ১০ থেকে ১৫ মিনিটের বেশি পজিশন রাখার নিয়ম নেই। আদেশের জন্য অপেক্ষা শুরু হয়েছে। উদ্যত রাইফেল, ট্রিগারে আঙুল। ঠিক ৪০০ গজ দূরেই পাকিস্তানি ক্যাম্প।আক্রমণের অর্ডার হলো। সঙ্গে সঙ্গে দেড় শ মুক্তিসেনা একযোগে আওয়াজ তুললেন ‘জয় বাংলা’। জয় বাংলা চিৎকারে মুক্তিবাহিনী ক্ষিপ্ত বাঘের মতো পাকিস্তানি সেনাদের ক্যাম্পের দিকে ছুটছে। অসংখ্য রাইফেল একসঙ্গে গজরাচ্ছে। কুয়াশা আর চাপা-অন্ধকারের মধ্যে মুক্তিবাহিনী সার বেঁধে ছোটার চেষ্টা করছে। এক লাইনে সবাই থাকতে পারছেন না। কেউ কেউ পিছিয়ে পড়েছেন।পাকিস্তানি বাহিনী যখন এলএমজি থেকে ফায়ার শুরু করল, মুক্তিবাহিনী তখন বেশ কাছাকাছি এসে পড়েছে। জয় বাংলা ধ্বনি থেমে নেই। কিছুটা আগু-পিছু হয়ে গেছে মুক্তিফৌজ। খুবই ভয়ের কথা। কারণ, এ রকম ক্ষেত্রে নিজেদের গুলিতে নিজেরাই মারা পড়ার আশঙ্কা। কিন্তু সেই মুহূর্তে সবাইকে নিয়ন্ত্রণ করা তো অসম্ভব।শুরু হলো মরণপণ যুদ্ধ; প্রত্যেকের নিজের মতো করে টিকে থাকার লড়াই। কুয়াশাঘেরা ময়দানে প্রত্যেক যোদ্ধা শত্রুকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। ময়দানে কী হচ্ছে কারও পক্ষেই সেটা বলা সম্ভব নয়। দুই তরফের গোলাগুলিতে বিরাম নেই, একটানা গর্জনের মতো গুলি ছুটছে।গোলাগুলি ক্রমে থেমে এল। অন্ধকার অনেকটা সরে গেছে। কুয়াশা ও দিনের প্রথম আলোর মধ্যে মুক্তিফৌজের আদলটা একটু একটু ফুটছে। পাকিস্তানি বাহিনী ক্যাম্প ছেড়ে চম্পট দিয়েছে। মুক্তিফৌজ পাকিস্তানি সেনাদের বাংকারে ঢুকে গেছে। তিনটি লাশ পড়ে আছে বাংকারে। আহত অবস্থায় পড়ে আছে অনেক পাকিস্তানি সেনা। বাকিরা ‘চাচা আপন জান বাঁচা’ নীতি অবলম্বন করে পালিয়েছে।ওয়ারলেস সেট একটি, ভারী মেশিনগান একটি, এলএমজি একটি, নয়টি থ্রি নট থ্রি রাইফেল আর প্রচুর গোলাবারুদ মুক্তিবাহিনীর হস্তগত হলো। মুক্তিবাহিনীর ক্ষতির পরিমাণ সামান্যই। একজন মুক্তিসেনা আহত হয়েছেন।বিজয়ের পথে মুক্তিফৌজের হাঁটাহাঁটির যুগ শেষ। এখন দৌড় শুরু হয়েছে।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-৭)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা