বিজয়ের পর উৎ সবের আমন্ত্রণ
ধ্বংসস্তূপ থেকে আস্তে আস্তে জেগে উঠছে বাংলাদেশ। গাজী আশরাফ হোসেন ঠিক করলেন আর মাঠে ফেরা যাবে না। ম্যাচের অবস্থা যা-ই হোক, গাড়িতে বসে রেডিওতে শুনে নেবেন। খেলা দেখতে আসা কয়েকজন আত্মীয়কে এগিয়ে দিতে গিয়ে গাজী আশরাফ তাই স্টেডিয়ামে ফিরলেন বাংলাদেশ জিতে যাওয়ার পর। মাঠে বসে জয় দেখতে না পারায় তাঁর দুঃখ আছে বলে মনে হলো না। সাবেক এই অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালকের কাছে বাংলাদেশের জয়টাই সবচেয়ে বড়।কখনো কখনো অকারণেই নিজের ওপর আস্থা হারিয়ে ফেলে মানুষ। গাজী আশরাফেরও মনে হলো, ‘হয়তো আমি মাঠ থেকে বেরিয়ে আসাতেই জয়ের মুখ দেখছে সাকিবরা। আমি ফিরে গেলে সম্ভাবনাটা নষ্টও তো হতে পারত!’ এমন আবেগ, এমন কল্পনা নিয়ে পরশু বাংলাদেশ দলের সঙ্গে ছিল হাজার হাজার সমর্থক, বাংলাদেশের ষোলো কোটি প্রাণ। কেউ হয়তো চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আর বসেননি, কেউ বা চোখ সরিয়ে নিয়েছেন মাঠ থেকে, উত্তেজনায় দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছেন অনেকেই।এ রকম ম্যাচে যা হয়—খেলা শেষ হওয়ার আগের রুদ্ধশ্বাস মুহূর্তগুলোতে বাংলাদেশের ড্রেসিংরুমে ছিল পিনপতন নীরবতা। নীরবতা ভেঙেছে বিজয়োল্লাসে। দুই বীর-ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আর শফিউল ইসলামকে বরণ করে নিতে ড্রেসিংরুম থেকে ছুটে গেছে উল্লাসের স্রোত। মাহমুদউল্লাহ চাপা পড়ে গেলেন সতীর্থদের উদ্বাহু উচ্ছ্বাসের নিচে, শফিউল ভাসলেন শূন্যে। অধিনায়ক সাকিব আল হাসান তো আবেগে কেঁদেই ফেললেন! কাঁদবেন না কেন? মানুষ তো! ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮-দুঃস্বপ্নের পর সমালোচনায় ক্ষতবিক্ষত। নিজের লেখা এক কলামে মনের হতাশা-ক্ষোভ উগরে দিয়ে সমালোচিত হয়েছিলেন নিজেও। এত বিতর্ক, এত সমালোচনার মধ্যেও পরের ম্যাচেই যখন ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দেওয়া যায়, সাকিব আবেগ ধরে রাখেন কীভাবে? শত সমালোচনা, হাজারো তীরের জবাব তো দেওয়া হয়ে গেল এক ম্যাচেই।সমালোচকেরা যত ইচ্ছা সমালোচনা করুন, বাংলাদেশের ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের আঁচলে আশ্রয় ঠিকই পাচ্ছেন দামাল ক্রিকেটাররা। কালও ম্যাচ শেষে বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালের টেলিফোন থেকে প্রধানমন্ত্রী কথা বলেছেন অধিনায়ক সাকিব, জয়ের দুই নায়ক মাহমুদউল্লাহ ও শফিউল এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে ভালো একটা সূচনা দেওয়া ওপেনার ইমরুল কায়েসের সঙ্গে। প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়েছেন, জানিয়েছেন পরের ম্যাচগুলোর জন্য শুভ কামনা।অভিনন্দনের সঙ্গে পরশুর ম্যাচটা পুরস্কারেরও ডালি সাজিয়ে দিয়েছে বাংলাদেশ দলের সামনে। চট্টগ্রামের বায়েজীদ স্টিল মাহমুদউল্লাহ ও শফিউলকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। ইমরুল কায়েসকে পাঁচ লাখ এবং দলের অন্য খেলোয়াড়দের প্রত্যেককে দেওয়া হবে এক লাখ টাকা করে। এ ছাড়া চট্টগ্রামের অভিজাত হোটেল অ্যাম্ব্রোসিয়া পুরো দলকে নৈশভোজ দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে রেখেছে টিম ম্যানেজমেন্টের কাছে।ক্রিকেট নিয়ে আবেগে থরথর জাতি তাদের আবেগ দেখাবেই। তাই বলে সাকিব সেই আবেগে ভেসে যেতে রাজি নন। বিজয়োল্লাস শেষে ড্রেসিংরুমে ফেরার সময় জার্সিতে চোখ মুছে নিয়েছেন। সেই সঙ্গে যেন মুছে ফেলেছেন ইংল্যান্ড-বধ পর্বের সুখের মুহূর্তগুলো। সাকিব আর তাঁর দল তাকিয়ে বিশ্বকাপের পরের দুই ম্যাচের দিকে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর বলেছিলেন, এখনো সব শেষ হয়ে যায়নি, কাল যেন বলতে চাইলেন, এখনো অনেক বাকি, ‘আমরা এখন বাকি দুই ম্যাচের দিকে তাকিয়ে। বিশেষ করে, হল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা।’অধিনায়ককে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়। কিন্তু সাধারণের উৎ সব তাতে থামবে কেন? খেলা শেষে বিসিবির পরিচালক ও দলের শেফ দ্য মিশন এনায়েত হোসেন যেমন বললেন, ‘এই জয়টা বাংলাদেশের ক্রিকেটের জন্যই খুব গুরুত্বপূর্ণ’, কিংবা সহ-অধিনায়ক তামিম ইকবাল যখন টেলিফোন করে মনে করিয়ে দেন, ‘কী...বলেছিলাম না, চট্টগ্রাম কার্ডিফ হবে’—সবই তো বড় উৎ সবের আমন্ত্রণ!