বিজয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিক লাল-সবুজের উপস্থিতি। বিরামহীন দেশাত্মবোধক গানের সুর। দু-একটা ভ্যানগাড়িতে চড়ে গলা ছেড়ে গাইছেন তরুণেরা। যুদ্ধাপরাধীদের প্রতীকী মুখোশ পরা দেখা গেল কাউকে কাউকে। বিজয়ের আনন্দ প্রকাশে এটাই তাঁদের ভাষা।রাজধানীতে গতকাল শুক্রবার বিজয় দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা ছিল বর্ণিল ও নজরকাড়া।রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় বিজয়োৎসব উদ্যাপিত হলেও তরুণ-তরুণীদের মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয় এলাকা। চলমান জনতার এই মহামিলনের সুযোগে ফেরিওয়ালারাও নানা পসরা সাজিয়ে বসে যায় রাস্তার দুই ধারে।সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত চার দিনের বিজয় উৎসবের শুক্রবার ছিল সমাপনী। এই দিন সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফসহ জোটের কেন্দ্রীয় নেতারা। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে জাতীয় জাদুঘরের সামনে দিয়ে নগরের বিভিন্ন প্রান্ত ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। শোভাযাত্রা থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে যথোপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।বিকেলে একযোগে ঢাকার ছয়টি মঞ্চে শুরু হয় জোটের বিজয়ের অনুষ্ঠানমালা। কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সংগীত পরিবেশন করে দৃষ্টি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, পদাতিক সংগীত সংসদ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও সুরতাল সংগীত একাডেমি। দলীয় আবৃত্তিতে অংশ নেয় স্রোত ও মুক্তধারা। পথনাটক মঞ্চত্ব করে দ্যাশ বাঙলা থিয়েটার।রবীন্দ্রসরোবরে দলীয় সংগীত পরিবেশন করে সারগাম, সুরবিহার ও গীতিসূত্র। একক সংগীত পরিবেশন করেন সামিয়া নাজ, সঞ্চয় রায়, অনিমা রায়, ঐশিকা নদী ও মহাদেব ঘোষ। একক আবৃত্তিতে অংশ নেন বেলায়েত হোসেন, দেবাশিস রূপন ও অনন্যা লাবণী। দলীয় আবৃত্তি পরিবেশন করে কণ্ঠশীলন, স্বনন ও চারুবাক। নৃত্য পরিবেশন করে সুরবিহার। পথনাটক পরিবেশন করে পদাতিক নাট্য সংসদ (টিএসসি) ও ব্রতচারী। প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মুক্তির গান।রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র ও আনন্দন। দলীয় আবৃত্তিতে অংশ নেয় কণ্ঠস্বর ও উদ্ভাসন। একক সংগীত পরিবেশন করে আরিফ রহমান। একক আবৃত্তিতে ছিলেন কাজী রাজেশ ও জালাল উদ্দিন হীরা। পথনাটক পরিবেশন করে নাট্যধারা। প্রদর্শিত হয় চলচ্চিত্র জীবন থেকে নেয়া। বাউল গান পরিবেশন করেন বাউল আরজ আলী ও তাঁর দল।টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র স্টপ জেনোসাইড ও একাত্তরের যীশু। মিরপুরের শিল্পী অজিত রায় মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে প্রভাত, উদীচী, মিরপুর সাংস্কৃতিক একাডেমি, টুম্পা সাংস্কৃতিক গোষ্ঠী, আমার আঙ্গিনায় আবৃত্তি আসর, সঞ্চারী, নাট্যদীপ, দৃষ্টিপাত নাট্য সংসদ।দনিয়ার মুক্তিযোদ্ধা আলোকচিত্রী রশীদ তালুকদার মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে দনিয়া সবুজ কুঁড়ি কচিকাঁচার মেলা, দোলনচাঁপা সাংস্কৃতিক গোষ্ঠী ও বিরহী। দলীয় আবৃত্তিতে চারুকণ্ঠ, পথনাটক পরিবেশন করে চন্দ্রকলা থিয়েটার ও মহাকাল নাট্য সম্প্রদায়।