অপেক্ষা ক্লান্তিকর। কখনো কখনো স্নায়ুক্ষয়ীও। আবার অপেক্ষার ভালো দিকও কি নেই! অপেক্ষা যত দীর্ঘ হয়, প্রাপ্তির আনন্দও তো ততই মধুর থেকে মধুরতর। এখানেও যেমন হলো।খুলনায় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ার পর থেকেই অপেক্ষায় পুরো দেশ। আর একটা ম্যাচ জিতলেই সিরিজ জয়! আগের দুটি ম্যাচের দিন সকালে সেই স্বপ্ন চোখেই ঘুম ভেঙেছে সবার। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে, কুয়াশাচ্ছন্ন রাত আশা-নিরাশায় দোলায় দুলিয়ে উপহার দিয়েছে স্বপ্নভঙ্গের বেদনা। মহাকাব্যিক এমন একটা প্রাপ্তি এত সহজেই হাতের মুঠোয় চলে এলে যে সেটির মূল্য কমে যায়!২-২ সিরিজের মীমাংসা তাই শেষ ম্যাচের মহারণে। সেই ম্যাচও আবেগের কত রঙেই না রাঙাল সবাইকে! শেষ পর্যন্ত যেটির সমাপ্তিও হলো মহা নাটকীয়তায়! জয়সূচক রানের উৎসব হলো দু-দুবার! দুই দলের স্কোর সমান—এ সময় নাসিরের শট বাউন্ডারি হয়ে গেছে ভেবে ইলিয়াস সানি মেতে উঠলেন উৎসবে। বিজয়ের স্মারক স্টাম্প তুলে নিলেন নাসির। হইহই করতে করতে মাঠে ঢুকে গেলেন বাংলাদেশের বাকি খেলোয়াড়েরাও।এরপর যা হলো, সেটি ক্রিকেট মাঠে সম্ভবত অদৃষ্টপূর্বই। বল সীমানা পেরোয়নি। সেটি ফেরত এল, সানিও রান না নিয়ে নিজের ক্রিজে। ওয়েস্ট ইন্ডিজের এক খেলোয়াড় বল হাতে স্টাম্প তুলে নিয়ে আবেদন করলেন রান আউটের। আম্পায়াররাও ক্ষণিকের জন্য সংশয়ে পড়ে গেলেন। সেটি দূর হতে অবশ্য সময় লাগল না। রান হয়নি, কিন্তু স্টাম্প ভেঙে দেওয়ার সময় সানি তো নিজের ক্রিজেই। তাই আউটও নন। বাংলাদেশের খেলোয়াড়েরা বেরিয়ে যাওয়ার পর আবার খেলা শুরু হলো। এবার নাসিরের শটটা চার-ই হলো। পুনরাভিনীত হলো একটু আগের দৃশ্যটা। সিরিজ জয়ের আনন্দে শুরু হলো গ্যাংনাম স্টাইলে নাচ!টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটে এই গ্যাংনামের প্রবর্তন ক্রিস গেইলের মাধ্যমে। ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের প্রকাশও এই গ্যাংনামেই। বাংলাদেশকেও তা অনুকরণ করতে দেখে ক্রিস গেইলও না হেসে পারলেন না।আর মিরপুর স্টেডিয়াম তো তখন হাসছেই। হাসছে পুরো বাংলাদেশই। এশিয়া কাপে যে সাফল্য ধরা দিতে দিতে মিলিয়ে গেছে, সেটিকে এবার আর মরীচিকা হতে দেয়নি বাংলাদেশ দল। কিন্তু কত নাটকের পরই না ধরা দিল সেটি!বাংলাদেশের ইনিংসের শুরুতেই তো ধূসর হয়ে গিয়েছিল স্বপ্নটা। উইকেট যেমনই হোক, বোলিংয়ে তীব্র গতি সব সময়ই একটা ব্যাপার। টানা দ্বিতীয় ম্যাচে তা প্রমাণ করে কেমার রোচ বাংলাদেশকে এলোমেলো করে দিলেন। শুরুতেই তামিমের ফিরে যাওয়াটা বাংলাদেশের জন্য শুধুই একটি উইকেট হারিয়ে ফেলার চেয়ে বেশি। রোচ শুধু তামিমেই থামলেন না, একই ওভারে তুলে নিলেন এনামুলকেও। জহুরুলকেও যখন শিকার বানালেন, ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন অথই সাগরে।সেখান থেকে কূলের দিশা দেখানোর দায়িত্ব তো অধিনায়ককেই নিতে হয়। মুশফিকুর রহিম তা নিলেনও। নাসির বা মমিনুলকে এই অসীম চাপে ঠেলে না দিয়ে মাহমুদউল্লাহও দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন। অধিনায়ক ও সহ-অধিনায়কের দাঁতে দাঁত চেপে লড়াইয়েই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দূর দিগন্তে ক্রমেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকল জয়ের রেখা।দাঁতে দাঁত চাপার কথাটা বলা প্রতিজ্ঞার দৃঢ়তা বোঝাতে। কিন্তু সেটি ভুলও বোঝাতে পারে। রানের চাকা যে গড়গড় করে চলেছে এ সময়। জুটিতে ৯১ রান ওভারপ্রতি ৭.১৮ গড়ে। এটির কল্যাণেই আস্কিং রেটটা কখনোই কোনো ব্যাপার হয়ে ওঠেনি।কিন্তু এত বড় একটা অর্জনে কি একটু নাটকীয়তা না থাকলে চলে! মাহমুদউল্লাহ ও মুশফিক দুজনকেই চল্লিশের ঘরে তুলে নিয়ে ম্যাচে আবারও নাটকীয়তা ফিরিয়ে আনলেন সুনীল নারাইন। অবস্থা তখন এমন, দ্রুত আরেকটি উইকেট পড়ে গেলেই ম্যাচের লাগাম চলে যাবে ওয়েস্ট ইন্ডিজের হাতে।এসব সময়ে ভাগ্যদেবীর মেজাজ-মর্জি কেমন থাকে, সেটি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তা কাল ভাগ্যদেবী বাংলাদেশের দিকে প্রসন্ন দৃষ্টি মেলেই তাকিয়ে ছিলেন। নির্দিষ্ট করে বললে মমিনুলের দিকে। নেমেই শর্ট কভারে ক্যাচ দিয়েছিলেন। স্যামি তা ফেলে না দিলে ম্যাচের রং বদলে যেত। উল্টো নাসিরের সঙ্গে ৫৩ রানের জুটিতে আস্তে আস্তে স্বপ্নের সঙ্গে ব্যবধানটা কমিয়ে আনলেন মমিনুল। মমিনুল গেলেন, কিছুক্ষণ পর তিন বলের মধ্যে সোহাগ গাজী ও রাজ্জাকও। তবে এসব শুধু নাটকীয়তাটাই আরও বাড়িয়েছে, বাংলাদেশকে জয়বঞ্চিত করতে পারেনি। তরিটা জয়ের কূলে ভেড়াতে দক্ষ মাঝি হয়ে যে ছিলেন নাসির হোসেন। গ্যাংনামটাও দেখা গেল তিনি খুব ভালো পারেন! বাংলাদেশের গ্যাংনাম উদ্যাপন দেখে জ্যামাইকার জনৈক বাঁহাতি হাসলেন বটে, তবে এই সিরিজটা যত তাড়াতাড়ি সম্ভব তিনি ভুলে যেতেই চাইবেন। ক্রিস হেনরি গেইলের জীবনে কম ঝড়ঝাপটা যায়নি। মাঝখানে তো আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ারই আশঙ্কা জেগেছিল। ‘ফ্রিল্যান্স ক্রিকেটার’ নামে নতুন একটা প্রজাতিও তৈরি করে ফেলেছিলেন প্রায়। অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতিটা এমনই ঘোলাটে হয়ে উঠেছিল যে, মনে হচ্ছিল দেশে-দেশে টি-টোয়েন্টি খেলেই না বাকি জীবন কাটাতে হয় গেইলকে! এত কিছু জয় করে ফিরে আসা গেইল কোনো দিন দূর কল্পনাতেও হয়তো ভাবেননি, তাঁকে সবচেয়ে অপদস্থ হতে হবে বাংলাদেশে এসেই। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর হয়তো হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি থাকতে পারে, কিন্তু গেইল-ঝড় তো ওঠে ওভার নির্দিষ্ট ম্যাচের নিম্নচাপেই। আগের চার ইনিংসে মোট ৭০ রান, কাল পঞ্চম ম্যাচে যা করলেন, সেটি অবশ্য বিস্ময়ের স্কেলে সবকিছুকে ছাড়িয়ে গেল। গেইল ক্রিজে থাকা অবস্থায় ওয়ানডে ম্যাচে টানা ৩৩ বলে কোনো রান হবে না—এটা এত দিন বোলাররা শুধু স্বপ্নেই দেখে এসেছেন। টানা ৩৩ ‘ডট বল’-এর ১২টি খেলেছেন গেইল। ১২তম বলটিতেই শুধু চালিয়েছিলেন, সেটিই ক্যাচ হয়ে গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টে।মাশরাফির ঊরুর পেশিতে টান পড়ায় সিরিজে প্রথমবারের মতো সুযোগ পেলেন শফিউল। প্রথম চার বলে ১০ রান দিয়েছিলেন। ৪ ওভার শেষে দেখা গেল, ব্যয়ের ঘরে ওই ১০-ই আছে। আর আয়ের ঘরে টানা তিনটি মেডেন ও গেইলের উইকেট। প্রথম চার বলে ১০ রান, পরের ৩২ বলে মাত্র ৪। প্রথম স্পেল ৬-৪-১৪-১। পরের তিন ওভারে ১৭ রান দিয়েছেন, তবে উইকেটও নিয়েছেন আরও দুটি। সেই দুটি পরপর দুই বলে, যাতে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সমাপ্তিও।রানের ধারা শুকিয়ে গেলে ব্যাটসম্যানদের মনোভূমি কেমন হয়ে যায়, জানেন? এই সিরিজের স্পনসরের মতো! মানে সাহারা মরুভূমি আর কি! মাহমুদউল্লাহর ডিরেক্ট থ্রোটা প্রত্যক্ষ কারণ, তবে স্যামুয়েলসের রান আউটে পরোক্ষ কারণটাই বোধ হয় বড়—রানের জন্য আঁকুপাঁকু করা। রানবন্ধ্যার ওই ৩৩ বলে স্যামুয়েলস ও গেইলকে তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ভয়ের দুই-তৃতীয়াংশই জয় করা হয়ে গিয়েছিল।অঙ্কের হিসাবটার ব্যাখ্যা হলো, ওয়েস্ট ইন্ডিজের এই দলে বিপক্ষ বোলারদের মনে ভয়ের কাঁপন জাগিয়ে তোলার মতো ব্যাটসম্যানের সংখ্যা তিন। স্যামুয়েলস-গেইল যাওয়ার পর তাঁদের একজনই বাকি থাকলেন এবং সেই একজন—কাইরন পোলার্ড—আগের চার ম্যাচের ব্যর্থতা, খুলনা থেকে ঢাকায় বল পাঠিয়ে দেওয়ার হুমকি নিয়ে টিটকারি—সবকিছুর শোধ নিয়ে নিলেন এক ইনিংসেই।খ্রিষ্টপূর্ব ও খ্রিষ্ট-পরবর্তী অধ্যায়ের মতো ওয়েস্ট ইন্ডিজ ইনিংসেরও পরিষ্কার দুটি ভাগ—পোলার্ডের আগে ও পরে। অষ্টম ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৭ হয়ে যাওয়ার পর নেমেছেন। আউট হওয়ার পর বাকি ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে মাত্র ৬৮।৭৪ বলে ৮৫ রানের ইনিংসে একাই বাংলাদেশকে হারিয়ে দেওয়ার উপক্রম করেছিলেন। পোলার্ড ‘পোলার্ডের’ মতো খেললে সবার মনেই একটা ভুল ধারণা জন্মানোর সুযোগ থাকে—ক্রিকেটে সবচেয়ে সহজ কাজ বোধ হয় ছক্কা মারা। সেটি খুব ভালো বুঝলেন ইলিয়াস সানি। পোলার্ডের আট ছক্কার পাঁচটিই সানির বলে। দুবার পরপর দুই বলে দুই ছক্কা খেলেন। পোলার্ডের রুদ্রমূর্তিতে স্কোরটা বাংলাদেশের নাগালের অনেক বাইরে চলে যাচ্ছিল। যে বলটিতে আউট হলেন, সেটির আগে হিসাবটা ছিল রীতিমতো ভীতি-জাগানিয়া। স্কোরবোর্ডে ১৪৯ রান, ১১০ বল বাকি, ব্যাটিং পাওয়ার প্লেও বর্তমান, হাতে ৭ উইকেট!৩৯ রানে ৪ উইকেট ফেলে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটাকে যে নাগালের মধ্যে রাখা গেল, সেটির মূল কৃতিত্ব নিয়মিত কোনো বোলারের নয়; খণ্ডকালীন বাঁহাতি স্পিনার মমিনুলের! পোলার্ড বনাম মমিনুল—শারীরিক আকৃতির দিক থেকে এর চেয়ে অসম লড়াই ক্রিকেট ইতিহাসে আর হয়েছে কি না সন্দেহ! যেন গালিভার বনাম লিলিপুট লড়াই! কী আশ্চর্য, পঞ্চম বলেই ‘গালিভার’ পোলার্ডকে বোল্ড করে দিয়ে তাতে জিতলেন কিনা ‘লিলিপুট’ মমিনুলই! পরের ওভারে ড্যারেন স্যামিকেও স্লিপে ক্যাচ বানিয়ে শেষের ঝড় শুরু হওয়ার আগেই থামিয়েও দিলেন তিনিই।পরে ব্যাট হাতে করেছেন ২৫ রান। কিন্তু পরিস্থিতি বিবেচনায় যা অনেক সেঞ্চুরির চেয়েও মূল্যবান। গেইলের জন্য এই সিরিজটা যেমন বিস্মরণযোগ্য, খুদে মমিনুল হকের ঘটনা ঠিক বিপরীত। তাঁর জীবনের প্রথম সিরিজটি যে চিরদিন স্মৃতিপটে বাঁধিয়ে রাখার মতো।বাংলাদেশের জন্যও কি তা-ই নয়!ওয়েস্ট ইন্ডিজ: ৪৮ ওভারে ২১৭বাংলাদেশ: ৪৪ ওভারে ২২১/৮ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী