বিজয়ের রাতে গ্যাংনাম
ক্রিস গেইলদের যেন পা আটকে গেল। স্তম্ভিত, দাঁড়িয়ে থাকলেন মাঠে। দুই অপরাজিত ব্যাটসম্যান নাসির হোসেন ও ইলিয়াস সানি ততক্ষণে বিজয়োল্লাসে ফেটে পড়া সতীর্থদের ভিড়ে হারিয়ে গেছেন। গেইল দূর থেকে দেখলেন অদ্ভুত একটা দৃশ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে নাচটাকে ক্রিকেটেও বিখ্যাত করেছেন তিনি, সেই গ্যাংনাম নাচতে নাচতে মাঠ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।আনন্দ প্রকাশে গ্যাংনাম এখন ছাড়িয়ে যাচ্ছে আর সবকিছুকেই। বিসিবির অ্যাডহক কমিটির অন্যতম সদস্য গাজী আশরাফ হোসেন সেটা বুঝেই কিনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলার সময় চলে গেলেন ডিজে মঞ্চে। খুঁজে-টুজে গ্যাংনামের সিডি বের করা হলো। সিরিজ জয়ের ট্রফি দেওয়ার পর বেজে উঠল সেই সিডি। ট্রফি হাতে আবারও শুরু গ্যাংনাম নাচ।শরীর দুলিয়ে গ্যাংনাম নেচেছেন খেলোয়াড়েরা। তবে মাঠে কাল রাতে যাঁরাই ছিলেন, মনের মধ্যে গ্যাংনাম-ঝংকার সবারই বেজেছে। বোর্ড কর্মকর্তা, সাবেক খেলোয়াড়, নির্বাচক এমনকি বিসিবির কর্মচারী আর সাধারণ দর্শকও যেন দুলছিলেন একই দোলায়। গায়ে বাংলাদেশের পতাকা আঁকা নানা রঙে রঙিন এক দর্শক গ্যালারি থেকে নেমে এলেন মাঠে। নাচতে নাচতে অবসন্ন শরীর নেতিয়ে পড়ছিল বারবার। তবু বীর ক্রিকেটারদের পাশে পেয়ে নাচ তাঁর থামছিলই না। গ্যাংনাম-আক্রান্ত যেন সবাই!পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর ড্রেসিংরুমে ফিরে গিয়েও আবার বেরিয়ে এলেন মুশফিকুর রহিম। প্রচণ্ড আবেগে বাবা মাহবুব হামিদকে জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরলেন। বড় ভাইকে কাছে পেয়ে একই কাজ করলেন নাসির হোসেনও। ম্যান অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহ হলেও নাসিরের চোখে গ্যাংনাম রজনীর নায়ক তিনি নিজেই। মুখে মিষ্টি পুরে দিয়ে কোনো রকমে বলছিলেন, মএসব দিনে নায়ক হওয়া খুব সহজ। সাকলায়েন (সাকলায়েন মুশতাক) ভাইকে আগেই বলেছিলাম, আজ (গতকাল) আমি ৪০-৫০ রান করব, ম্যাচ জিতিয়ে ফিরব, নায়ক হব।’যে অবিস্মরণীয় বিজয়ে নাসিরের স্বপ্ন পূরণ হলো, মাশরাফি বিন মুর্তজা আর তামিম ইকবাল সেটাকে বলছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। পায়ের ব্যথার কারণে বিশ্রামে থাকা মাশরাফি কালকের ম্যাচটা না খেললেও আনন্দে ভেসেছেন সবার মতোই। ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বলছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগেও সিরিজ জিতেছি। তবে সেটা আসল ওয়েস্ট ইন্ডিজ ছিল না। এবার আমরা পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। এশিয়া কাপ জিতলে এশিয়া কাপই হয়তো সবচেয়ে বড় সাফল্য হতো আমাদের। কিন্তু এখন এটাকেই আমি সবচেয়ে বড় সাফল্য বলব।’ তামিমের চোখেও কালকের সাফল্যের অর্থ এটাই। সঙ্গে রহস্য করলেন, ‘আমার সবচেয়ে ভালো লাগছে গেইলকে জবাব দিতে পারায়। মাঠে তাঁর সঙ্গে কী হয়েছে, সেটা আর বললাম না...।’জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সহকারী কোচ খালেদ মাহমুদ এখন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য। আরেক সদস্য নাঈমুর রহমান আর দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে ভাগাভাগি করছিলেন সিরিজ জয়ের আনন্দ। যে আনন্দ তিনি বয়ে এনেছেন প্রেসিডেন্ট বক্স থেকে, ‘ওখানেও আমরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছিলেন, ওদের বলো পুরো ৫০ ওভার খেলতে। ম্যাচ জিতে আসতে।’নাজমুল হাসান বিসিবির সভাপতি হওয়ার পর এটাই বাংলাদেশ দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ এবং প্রথম সিরিজেই তিনি ভাসতে পারলেন মনে রাখার মতো সাফল্যে। পুরস্কার বিতরণী শেষে ড্রেসিংরুমের সামনে গিয়ে অভিনন্দন জানিয়ে এলেন ভারপ্রাপ্ত কোচ শেন জার্গেনসেনকে। এ রকম অভিনন্দন-পাল্টা অভিনন্দন চলতে থাকল অনেকটা সময় ধরেই। সেই আনন্দরেণু টিম বাসে করে খেলোয়াড়েরা নিয়ে গেলেন হোটেলে। জয়োৎসব উদ্যাপনে কাটা হলো বিশালাকৃতির এক কেক।হোটেলে ফেরার পথে খেলোয়াড়েরা দেখেছেন হাজারো ভক্তের ভিড়, কানে ভেসে আসছিল উল্লাসধ্বনি। সমর্থকদের কারও গায়ে হয়তো ততক্ষণে উঠে গিয়েছিল গ্যালারিতে ছুড়ে দেওয়া মুশফিকের জার্সিটা। বিজয়ের মাসে বিজয়ের এমন রাতে এর চেয়ে বড় স্মারক আর কী হতে পারে! তবে মুশফিক জয়টাকেই স্মারক উপহার হিসেবে তুলে দিলেন বীর মুক্তিযোদ্ধাদের হাতে, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিড়ের ভেতর বলতে পারিনি। যেহেতু বিজয়ের মাস, আমরা এই সাফল্য আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরই উৎসর্গ করেছি। সত্যিকারের বীর তো তাঁরাই।’আনন্দস্রোতে ভাসানো বিজয় উপহার দিয়ে গোটা জাতিকে বিজয়ের মাসের সবচেয়ে বড় উপহারটা দিলেন মুশফিকরাই। অভিনন্দন তো তাঁরা পেতেই পারেন।