স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযান২ নভেম্বর ১৯৭১। বিলোনিয়ায় (ফেনী) পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে হামলা করবে মুক্তিবাহিনী। খুব শক্ত এই ঘাঁটিতে ১৫ বালুচ রেজিমেন্ট পুরোটাই রয়েছে। সঙ্গে আছে পাকিস্তানি পুলিশ ও রাজাকার বাহিনী। পরিকল্পনা করা হলো, শত্রু অবস্থানের ফাঁক গলে চন্দনা, সালিয়া, গুতুমা বরাবর মুক্তিবাহিনী ঢুকে পড়বে। সাব-সেক্টরের সেনারা গুতুমার দিক দিয়ে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হবে। বিলোনিয়ার উত্তর অংশে শত্রুকে পূর্ব-পশ্চিম দুই দিক থেকে ঘিরে ফেলা হবে।২৭ অক্টোবর ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে রেকি পার্টির একটি দল শত্রু অবস্থানে ঢুকে পড়ে। তারা সাধারণ গ্রামবাসীর ছদ্মবেশ নিয়েছে। ২ নভেম্বর রাতে মুক্তিবাহিনী চন্দনা ও শালধর বাজারের শত্রু অবস্থানের ফাঁক গলে ঢুকে পড়ে। লেফটেন্যান্ট মিজানের ব্র্যাভো কোম্পানি সবার আগে। একে অনুসরণ করছে লেফটেন্যান্ট দিদারের চার্লি কোম্পানি, ক্যাপ্টেন মুর্শেদের আলফা কোম্পানি ও ডেল্টা কোম্পানি। মুক্তিফৌজ মুহুরী নদী পার হয়ে সালিয়ার দিকে এগোচ্ছে। একই সঙ্গে ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টরের সেনারাও গুতুমায় প্রবেশ করেন।মধ্যরাতের আগেই মুক্তিবাহিনী শত্রুর পালানোর পথ রুদ্ধ করে ফেলে। ৩১ অক্টোবর থেকে একটানা বৃষ্টি পড়ছে মুষলধারে। পাকিস্তানি বাহিনী মুক্তিফৌজের গতিবিধি কিছুই টের পায়নি। পরিকল্পনামতো মুক্তিফৌজ একে একে সব পজিশন নিয়ে ফেলে।৩ নভেম্বর ভোরবেলা। রেলওয়ে ট্রলিতে পাকসেনারা ফেনী থেকে বিলোনিয়ার দিকে আসছিল। মুক্তিবাহিনী বাঙ্কার থেকে ওদের গুলি করে। শত্রুসেনাসুদ্ধ ট্রলিটা বিধ্বস্ত হয়। এ সময় হাবিলদার ইয়ার আহমেদ ট্রেঞ্চ থেকে বেরিয়ে ট্রলি থেকে পাকিস্তানি সেনাদের অস্ত্র জব্দ করতে ছোটেন। কিন্তু পাকিস্তানি সেনারা গুলি করলে তিনি শহীদ হন। ট্রলি অ্যামবুশের সঙ্গে সঙ্গে শত্রুপক্ষ মুক্তিবাহিনীর অবস্থানে কামান দাগতে থাকে। ইস্ট বেঙ্গলের প্রতিরক্ষা ভাঙতে ওরা বৃষ্টির মতো গোলাগুলি শুরু করে। শুরু হয় তুমুল যুদ্ধ।টানা দুই দিন গুলি চালিয়েও মুক্তিবাহিনীকে টলাতে না পেরে পাকিস্তানি বাহিনী মরিয়া হয়ে জঙ্গি বিমান হামলা শুরু করে। ৪ নভেম্বর চারটি এফ-৮৬ স্যাবর জঙ্গি বিমান মুক্তিফৌজের প্রতিরক্ষা ব্যূহের ওপর হামলা চালায়। মুক্তিবাহিনী সামান্য মেশিনগান দিয়েই পাল্টা জবাব দেয়। মেশিনগান বিধ্বস্ত হয়। ফিরে যায় জঙ্গি বিমানগুলো। ৫ নভেম্বর তিনটি পাকিস্তানি জঙ্গি বিমান আবার হামলা করে। কিন্তু মুক্তিবাহিনীর আক্রমণের মুখে বিমানগুলো পালিয়ে যেতে বাধ্য হয়।২.শালধর বাজারে পাকিস্তানি বাহিনীর একটি মজবুত অবস্থান ছিল। ৬ নভেম্বর রাতে আলফা কোম্পানি একটি টহল দল সেখানে পাঠায়। কিন্তু টহল দলটি পাকিস্তানি সেনাদের অ্যামবুুশে পড়ে। কয়েকজন মুক্তিযোদ্ধা গুরুতর আহত হন। পরে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ইমাম-উজ-জামান দ্রুত মর্টারের সাহায্যে শালধর বাজারে শত্রুঘাঁটির ওপর হামলা চালান। নদীর অন্য তীর থেকেও আক্রমণ শুরু করে মুক্তিফৌজ। এই দ্বিমুখী আক্রমণে শত্রুসেনা হতবিহ্বল হয়ে পড়ে। প্রচুর অস্ত্র, গোলাবারুদ ফেলে তারা পালিয়ে যায়।৬ নভেম্বর শালধর বাজার মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ৮৩ মাউন্টেন ব্রিগেড সীমান্ত বরাবর চলে আসে। দুই বাহিনীর সমন্বয়ে গোটা এলাকাটি আয়ত্তে আনার পরিকল্পনা হয়। মুক্তিবাহিনীর ধারণা ছিল, আটকে পড়া পাকিস্তানিরা দুই দিনের মধ্যেই সারেন্ডার করবে। কিন্তু ৬ নভেম্বর পর্যন্ত তা হলো না।তাই ৭ নভেম্বর মধ্যরাতে আক্রমণ শুরু হলো। মাউন্টেন ডিভিশনের ডিভিশনাল আর্টিলারির আক্রমণে মাত্র আধা ঘণ্টায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ। এই দুর্বলতর মুহূর্তে ৩ ডোগরা রেজিমেন্ট উত্তর থেকে দক্ষিণ সীমান্তের দিকে আক্রমণ করে। বেশ কিছু শত্রু বাঙ্কার উড়িয়ে দেয়।তুমুল যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর দুজন অফিসারসহ বিভিন্ন র্যাঙ্কের ৭২ জন সেনা আত্মসমর্পণ করে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুরো এলাকা মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। রকেট লঞ্চার, মর্টার-বোমাসহ হালকা-ভারী অজস্র আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা