বিটাক হাতে-কলমে শেখায়
চোখে চশমা আর নীল পোশাক গায়ে একদল ছেলেমেয়ে কাজ করে চলেছে। কাজটা যেমন-তেমন নয়, একেবারে কলকবজা আর মেশিন নিয়ে। এরা সবাই টিভি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)ও ফ্রিজের মতো গৃহস্থালি নানা জিনিসপত্রের ত্রুটি খোঁজা ও তা সমাধানের চেষ্টায় ব্যস্ত। এদের কেউই বিজ্ঞানী নয়। তবে সবাই কারিগরি বিষয় নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। বলছি, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) প্রশিক্ষণার্থীদের কথা। এঁরা দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ নিতে এখানে এসেছেন। এঁদের মতো যাঁরা কারিগরি শিল্পের কোনো কাজের ওপর প্রশিক্ষণ নিতে চান, তাঁরা বিটাকের সহযোগিতা নিতে পারেন। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কর্মসূচির নানা দিক নিয়েই কাজের খবর-এর এবারের মূল উপস্থাপনা।প্রশিক্ষণের নানা কথাদেশের পিছিয়ে পড়া জনগাষ্ঠীকে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে বিটাক পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প শুরু করেছে—এই তথ্য জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. শফিকুর রহমান।তিনি জানান, এ প্রকল্পের আওতায় ছেলেদের এক মাস ও মেয়েদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ছেলেদের তিনটি প্রশিক্ষণ কোর্স দেওয়া হয়।সেগুলো হচ্ছে: ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল ও রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং। তবে মেয়েরা এ তিনটি প্রশিক্ষণের পাশাপাশি লাইট মেশিনারিজ, ইলেকট্রনিকস, অটোক্যাড/গার্মেন্টস মেশিনারিজ রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং (টিগ ও মিগ), গৃহস্থালি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, কার্পেন্টিং ও প্লাস্টিক প্রক্রিয়াকরণ—এই ছয়টি কোর্সেও প্রশিক্ষণ নিতে পারবেন। তিনি আরও জানান, যাঁরা কিছু লেখাপড়া করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, মূলত তাঁরাই এ ধরনের প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেন। নরসিংদীর মনোহরদী থেকে আসা প্রশিক্ষণার্থী ঝুমা আক্তার বলেন, ‘বিটাকে প্রশিক্ষণ নিতে এসে আমার শুধু কারিগরি জ্ঞানই বাড়েনি, পাশাপাশি মনের চোখও খুলে গেছে। তাই আমি প্রশিক্ষণ শেষ করে নিজেই একজন উদ্যোক্তা হতে চাই।’ প্রশিক্ষক যাঁরা মো, শফিকুর রহমান বলেন, ‘আমাদের প্রশিক্ষণ ও কাজের মান বিদেশের সমপর্যায়ের।’ তিনি জানান, বিটাকের নিজস্ব প্রশিক্ষকেরাই প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রশিক্ষণের সময়সূচি ও আসন বিটাকের সহকারী কারিগরি কর্মকর্তা মো. এনামুল হক জানান, মেয়েদের তিন মাসের প্রশিক্ষণসমূহে ব্যবহারিক ২২৮ ঘণ্টা ক্লাসের পাশাপাশি ৬০ ঘণ্টা তাত্ত্বিক ক্লাস নেওয়া হয়। প্রশিক্ষণের আওতায় তাঁদের জন্য এক দিন করে শিল্পাঞ্চল সফর, সাইট ভিজিট ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে।আর ছেলেদের এক মাসের প্রশিক্ষণ কোর্সে তাত্ত্বিক ২০ ঘণ্টা ও ব্যবহারিক ৭৫ ঘণ্টা ক্লাস নেওয়া হয়। এ ছাড়া, শিল্পাঞ্চল সফরের জন্য এক দিন বরাদ্দ থাকে।প্রতিটি প্রশিক্ষণ কোর্সে মেয়েদের ক্ষেত্রে ২৫টি ও ছেলেদের জন্য ৩০টি আসন রয়েছে। কাজের সুযোগ আছে কেমনএ প্রসঙ্গে মো. শফিকুর রহমান বলেন, দেশের প্রায় প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানই যোগ্য কারিগরি দক্ষতাসম্পন্ন লোকবলের সংকটে ভুগছে। সেজন্য প্রশিক্ষণার্থীদের চাকরির ব্যবস্থা করতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে কোনো কোনো সময় এমনও হয়েছে যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এখানকার কয়েক শ প্রশিক্ষণার্থীকে নিয়োগ দিয়েছে। এ ছাড়া চাকরির পথ সুগম করে দিতে ও কাজের পরিবেশ সম্বন্ধে ধারণা দিতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করানো হয়। আর যাঁরা উদ্যোক্তা হতে চান তাঁদের বাড়তি প্রশিক্ষণ ও কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় এমন প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণের সুযোগ-সুবিধাএই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে প্রশিক্ষণার্থীদের কোনো টাকা-পয়সা খরচ করতে হয় না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের আবাসন ও খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বই ও জিনিসপত্র বিটাক থেকেই বিনা মূল্যে সরবরাহ করা হয়। যাতায়াত ভাতা বাবদ ছেলে ও মেয়েদের এককালীন যথাক্রমে ৪০০ টাকা ও ৫০০ টাকা করে দেওয়া হয়। আর প্রশিক্ষণ শেষে সবাইকে নিজ নিজ কোর্সের কারিগরি যন্ত্রপাতি দেয় বিটাক, যাতে তাঁরা উদ্যোক্তা হওয়ার ব্যাপারেও অনুপ্রাণিত হন।শুধু প্রশিক্ষণেই শেষ নয়শুধু কাজ আর প্রশিক্ষণের ধারণায় আবদ্ধ নয় বিটাকের প্রশিক্ষণ কোর্সগুলো। দক্ষ জনবল তৈরির পাশাপাশি একজন যোগ্য মানুষও তৈরির চেষ্টা করে বিটাক। এমনটা জানালেন মো. শফিকুর রহমান। সে অনুযায়ী সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেল, প্রতি শুক্রবার বিটাকে বসে অনুপ্রেরণার আসর। নানা ক্ষেত্রের সফল মানুষ এখানকার প্রশিক্ষণার্থীদের অনুপ্রেরণা দিতে আসেন। এ সময় অতিথিরা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশিক্ষণের সুযোগ যাঁদেরঅষ্টম শ্রেণী পাস যে কেউ এসব প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ ছাড়া মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ, বেকার, অসহায় ও দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হয়। আবেদনের নিয়মবিটাকের সারা দেশের চারটি কার্যালয় অথবা অনলাইন থেকে ফরম নিয়ে আবেদন করা যাবে। আবেদনে নিজের পছন্দের বিষয় উল্লেখ করতে হবে। বিস্তারিত জানতে: বিটাক ঢাকা কেন্দ্র: তেজগাঁও শিল্প এলাকা, ০১৭৩৩৭৭০৪০৪। চট্টগ্রাম কেন্দ্র: সাগরিকা রোড, পাহাড়তলি। খুলনা কেন্দ্র: প্লট নম্বর আর ১-৪, শিরোমনি শিল্প এলাকা এবং চাঁদপুর কেন্দ্র: কুমিল্লা রোড, ষোলঘর। ওয়েবসাইট: http://sepabitac.atspace.com ও www.bitac.gov.bd