বিটিআরসির অর্থের দাবি প্রত্যাখ্যান গ্রামীণফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন, আগামী ২২ অক্টোবরের মধ্যে গ্রামীণফোন তিন হাজার ৩৪ কোটি ১১ লাখ আট হাজার ৫৮১ টাকা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ১৫ বছরে গ্রামীণফোন এই পরিমাণ অর্থ রাজস্ব ফাঁকি দিয়েছে বলে তিনি জানান। অন্যদিকে, বিটিআরসির এই আর্থিক নিরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামীণফোন (জিপি)। দেশের শীর্ষ মুঠোফোন কোম্পানিটির দাবি, নিরীক্ষাপ্রতিষ্ঠান জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো নিয়মনীতি অনুসরণ না করে এবং জিপির সঙ্গে আলোচনা ছাড়াই এই নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে। গ্রামীণফোন বিটিআরসির অর্থ পরিশোধের দাবি প্রত্যাখ্যান করেছে। প্রসঙ্গত, নিরীক্ষা প্রতিবেদন সাপেক্ষে পাওনা টাকা চেয়ে গত সোমবার বিকেলে জিপির কাছে একটি চিঠি পাঠায় বিটিআরসি। ওই চিঠি পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বিটিআরসির চিঠির প্রতিটি অংশের ব্যাখ্যা জানিয়ে জবাব দিয়েছে জিপি।গতকাল সকালে বিটিআরসির চেয়ারম্যান নিরীক্ষায় পাওয়া তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। আর বিকেলে জিপি তাদের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘রেভিনিউ শেয়ারিং (লভ্যাংশ ভাগাভাগি) খাতে জিপি ২১৬ কোটি ৫৮ লাখ তিন হাজার ৬৩৪ টাকা ফাঁকি দিয়েছে।’এ প্রসঙ্গে জিপির লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান জাকি ওমর বলেন, ‘সরকার তথা বিটিআরসির সঙ্গে ৫ দশমিক ৫ শতাংশ হারে যে লভ্যাংশ ভাগাভাগির (টেলিযোগাযোগ আইন অনুযায়ী) নিয়ম ছিল, তাতে শুধু কলচার্জ ও ভাড়া বাবদ আয়ের লভ্যাংশের বিষয়টি উল্লেখ ছিল। কিন্তু বিটিআরসির নিরীক্ষায় জিপির মোট আয়ের লভ্যাংশ উল্লেখ করা হয়েছে।’প্রসঙ্গত, বিটিআরসি গত বছরের ২৯ জুলাই দেশের সব মুঠোফোন কোম্পানির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয়, শুধু কলচার্জ ও ভাড়া বাবদ আয়ের অংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ হারে লভ্যাংশ ভাগাভাগি হবে।বৈদেশিক কল আদান-প্রদান সম্পর্কে নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, জিপি এই খাতে সরকারকে ৩০ শতাংশ হারে মোট ৪৬ কোটি ৫২ লাখ দুই হাজার ৪৩৯ টাকা ফাঁকি দিয়েছে। এ প্রসঙ্গে জিপির বক্তব্য, বৈদেশিক কল থেকে আয়ের ৩০ শতাংশ অবশ্যই সরকার বা বিটিআরসিকে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিদিনের কল আদান-প্রদানের শেষে নয়। সেটা বিভিন্ন গেটওয়ে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ও বিদেশি কল সংযোগকারীর সঙ্গে সমস্ত হিসাব শেষে জিপির প্রাপ্ত আয়ের ৩০ শতাংশ। প্রতি বছরে চারবার হিসাব শেষ করে বিটিআরসির পাওনা মিটিয়ে দেওয়া হয়। যেহেতু ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গত কয়েক মাসের দেনা-পাওনা নিষ্পত্তি হয়নি, এখনই এই অর্থ বিটিআরসি কীভাবে দাবি করছে।নিরীক্ষা প্রতিবেদনের তৃতীয় অংশে বলা হয়েছে, ‘কল ডিটেইলস রেকর্ডার’ অনুযায়ী ভয়েস, খুদেবার্তা ও ইন্টারনেট-সেবা প্রদান খাতে জিপি ফাঁকি দিয়েছে ৫৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ৪৮৭ টাকা। এ প্রসঙ্গে জিপির প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, মাত্র দুই মাসের তথ্য-উপাত্তকে ১৪ বছরের হিসাবে রূপান্তর করাটাই পুরো নিরীক্ষা কার্যক্রমের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।স্পেকট্রাম বরাদ্দ ফি খাতে গত ৩১ মার্চ পর্যন্ত জিপি এক কোটি ২০ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকা ফাঁকি দিয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে নিরীক্ষা কার্যক্রম চলাকালে কোনো ধরনের আলোচনা হয়নি বলে অভিযোগ করে জিপি। জাকি ওমরের দাবি, জিপির কাছ থেকে স্পেকট্রাম ও মাইক্রোওয়েভ বাবদ সরকারের এক টাকাও পাওনা নেই।নিরীক্ষা কার্যক্রমের পঞ্চম অংশে বলা হয়েছে, হ্যান্ডসেটে রয়্যালটি (বছরে ১১০০ টাকা) এবং ২০০৫ সালের ৩০ জুন পর্যন্ত বেইজ স্টেশন (মুঠোফোন নেটওয়ার্কের মূল অবকাঠামো) বাবদ ৫৯৯ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ৯৪৫ টাকা সরকারকে দেয়নি জিপি। এ প্রসঙ্গে মনিরুল কবির বলেন, ২০০৬ সালের এপ্রিলে সবগুলো কোম্পানির সঙ্গে তৎকালীন কমিশনের আলোচনার পর হ্যান্ডসেটে রয়্যালটির বিষয়টি বাতিল করা হয়। এই সিদ্ধান্ত ২০০৫ সালের এপ্রিল থেকে কার্যকর করা হয়। আর ওই রয়্যালটি বাতিল করেই লভ্যাংশ ভাগাভাগি ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৫ শতাংশ করা হয়। এ ছাড়া রয়্যালটি বাতিলের লক্ষ্যে জনস্বার্থে দায়ের করা কয়েকটি মামলায় আদালত তা বাতিলের রায় দেন, যা অপর এক শুনানিতে স্থগিতও করা হয়। এ ছাড়া কয়েকটি মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের প্রথম রায় ও শুনানির মধ্যকার প্রায় সাত মাস কোনো অপারেটর রয়্যালটি দেয়নি। মাত্র সাত মাসের হিসাবও যদি ধরা হয়, তাহলে নিরীক্ষাপ্রতিষ্ঠান কীভাবে এই পরিমাণ অর্থ ফাঁকি দেওয়ার বিষয়টি খুঁজে পেল, সেটি এক বিরাট প্রশ্ন। আর বেইজ স্টেশন বাবদ সরকারের কোনো পাওনা নেই। নিরীক্ষা প্রতিবেদনের ষষ্ঠ অংশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে জিপি সিম সংযোগ কর বাবদ ৭২০ কোটি এক লাখ ২৯ হাজার ৬০০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। এ বিষয়ে কাজী মনিরুল কবির বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ বিভাগ একটি নির্দিষ্ট আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ করে। এটা যেকোনো বহুজাতিক প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য। এখন নিরীক্ষাপ্রতিষ্ঠান অপারেটরদের কাজের পদ্ধতি না জেনে নিজ পদ্ধতিতে কাজ করলে চূড়ান্ত হিসাবে অবশ্যই ভুল হবে। আর এনবিআরের পাওনা টাকা কেন বিটিআরসি হিসাব করবে—এই প্রশ্নও তোলেন তিনি। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জাতীয় কোষাগারে ১৯ হাজার ৪৪৬ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।সাংবাদিকদের বিটিআরসির চেয়ারম্যান বলেন, ফাঁকি দেওয়া মোট অর্থের সঙ্গে ১৫ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ হিসেবে জিপিকে পাওনা পরিশোধ করতে হবে। সেটা অবশ্যই দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের আগেই। তিনি অভিযোগ করেন, জিপি অনেক তথ্য গোপন করেছে। নিরীক্ষায় অতিরিক্ত এক কোটির বেশি গ্রাহকের সন্ধান পাওয়া গেছে, যা আগে বিটিআরসিকে জিপি জানায়নি। তিনি বলেন, নিরীক্ষাপ্রতিষ্ঠান নিয়োগের আগে সরকারের আয় ছিল মাসে ৩০ বা ৩১ কোটি। কিন্তু গত এপ্রিল থেকে জিপি ও বাংলালিংকে নিরীক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরে এই আয় ৮০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। নিরীক্ষা প্রতিবেদন বাতিলের কোনো সুযোগ নেই জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, ‘উপযুক্ত নথিপত্র আমাদের হাতে রয়েছে।’চেয়ারম্যানের এসব বক্তব্যের বিপরীতে জিপির কাজী মনিরুল কবির বলেন, ‘নিয়মিত জিপিসহ প্রতিটি অপারেটর তাদের মাসিক গ্রাহকসংখ্যা বিটিআরসিকে জানায়। তা বিটিআরসির ওয়েবসাইটেও প্রকাশিত হয়। আর অপারেটরদের দৈনিক কার্যক্রমে অবশ্যই আয়-ব্যয়ের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেনা-পাওনাও থাকবে। প্রতিদিনের হিসাব প্রতিদিন সমন্বয় করা সম্ভব নয়। আর সরকারের পক্ষ থেকে বহুজাতিক কোম্পানিগুলোর নিরীক্ষা কার্যক্রম অবশ্যই হওয়া উচিত। কিন্তু সেটা অবশ্যই আন্তর্জাতিক নিয়ম মেনে হতে হবে। আমরা আশা করব, বিটিআরসি কর্তৃপক্ষ আলোচনায় বসে আমাদের ব্যাখ্যা শুনে তা বিবেচনা করবেন।