গ্রামীণফোনকে (জিপি) দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চিঠির কার্যকারিতার ওপর আট সপ্তাহের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।গত ৩ অক্টোবর পাঠানো ওই চিঠিতে তিন হাজার ৩৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ ও তা ২১ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেয় বিটিআরসি।গতকাল বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দেশের শীর্ষ মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পক্ষ থেকে গত বুধবার এ আবেদন করা হয়। এর আগে ১৭ অক্টোবর বিটিআরসির রাজস্ব দাবির চিঠির ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি। তবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা না পাওয়ায় প্রতিষ্ঠানটি বুধবার হাইকোর্টে আপিল আবেদন করে। গতকাল এর ওপর শুনানি হয়। আদালতে জিপির পক্ষে আইনজীবী রফিক-উল হক, আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী মামলা পরিচালনা করেন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা ই রাকিব ও ইমরানুল কবির।যোগাযোগ করা হলে জিপির আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা না পাওয়ায় হাইকোর্টে আপিল করা হয়। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। বিটিআরসির ওই চিঠির ওপর আট সপ্তাহের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। ফলে ঠিক এ মুহূর্তে জিপিকে বিটিআরসির দাবি অনুযায়ী তিন হাজার ৩৪ কোটি টাকা দিতে হচ্ছে না। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করা হবে কি না—জানতে চাইলে বিটিআরসির কৌঁসুলি রেজা ই রাকিব বলেন, বিটিআরসির সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত অনুসারে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, নিরীক্ষা প্রতিবেদন শেষে চলতি বছরের মার্চ পর্যন্ত জিপি মোট ৩৮ হাজার ৯৪৪ কোটি টাকা আয় করেছে বলে বিটিআরসি দাবি করে। এই হিসাবে দুই হাজার ৫৪৪ কোটি টাকা বিটিআরসির পাওয়ার কথা। কিন্তু জিপি মাত্র এক হাজার ৬২৭ কোটি টাকা পরিশোধ করেছে। এখন বিটিআরসির দাবি, বাকি পাওনা টাকা সুদসহ মোট তিন হাজার ৩৪ কোটি টাকা জিপিকে ২১ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।জিপির বক্তব্য: এদিকে গতকাল লিখিত প্রতিক্রিয়ায় জিপি জানিয়েছে, গ্রামীণফোনের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন হাজার ৩৪ কোটি টাকা অপরিশোধিত অর্থ দাবি করে প্রেরিত বিটিআরসির নোটিশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন, ফলে আপিলের শুনানি না হওয়া পর্যন্ত এই নোটিশের কার্যকারিতা স্থগিত থাকবে।যেহেতু নোটিশে উল্লিখিত অর্থ পরিশোধের শেষ দিন ২৪ অক্টোবর, তাই টেলিফোন সেবা প্রদান অব্যাহত রাখতে বাধ্য হয়েই গ্রামীণফোনকে আইনের দ্বারস্থ হতে হয়।বিটিআরসি ৩ অক্টোবর একটি ত্রুটিপূর্ণ নিরীক্ষার ভিত্তিতে তিন হাজার ৩৪ কোটি টাকা বকেয়া পাওনা দাবি করে নোটিশ প্রেরণ করে। বিটিআরসি নিয়োজিত নিরীক্ষক প্রচলিত নিয়মকানুন অনুসরণ না করায় এবং অপ্রমাণিত ও ভুল তথ্য প্রদান করায় গ্রামীণফোন এই দাবি প্রত্যাখ্যান করে।পরবর্তী সময়ে এক সভায় ফলপ্রসূ আলোচনার স্বার্থে গ্রামীণফোন বিনীতভাবে বিটিআরসিকে নোটিশটি স্থগিত করতে অনুরোধ করে। কিন্তু বিটিআরসি নোটিশটি স্থগিত করতে অস্বীকৃতি জানায়।গ্রামীণফোন আশা করে যে আদালতের আদেশ বিটিআরসিকে নিরীক্ষকের ভুল তথ্য-উপাত্তগুলো পুনরায় পর্যবেক্ষণে উৎসাহিত করবে এবং এই সমস্যার একটি সম্মানজনক সমাধানের পথ উন্মুক্ত করবে।বাড়তি টাকার ব্যাখ্যা দিয়ে বিটিআরসির চিঠি: দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন নীতিমালা অনুযায়ী জিপির কাছ থেকে ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে। এর ব্যাখ্যা দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে জিপিকে চিঠির উত্তর দিয়েছে বিটিআরসি। পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ২০০৮-এর বরাদ্দকৃত স্পেকট্রামের ওপর মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর আমলে নিয়েই ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে। সদ্য তৈরি লাইসেন্স নবায়ন নীতিমালার একটি ধারা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ২০০৮-এ বরাদ্দকৃত স্পেকট্রাম ফি ছাড়াও অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ স্পেকট্রাম মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর আমলে নেওয়া যাবে। এ বিষয়ে জিপির প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজি মনিরুল কবির প্রথম আলোকে বলেন, ‘শেষ বিকেলে এ চিঠি পেয়েছি, চিঠিটি পরীক্ষা ও মূল্যায়ন করে বিটিআরসিকে জানানো হবে।’ উল্লেখ্য, গত সোমবার টু-জি লাইসেন্স নবায়নে জিপিসহ চার অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি। লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির টাকা চেয়ে চিঠি পাঠানোর পরদিন গত মঙ্গলবার টু-জি লাইসেন্স নবায়নে ‘বাড়তি’ ৩৮৪ কোটি টাকা চাওয়ার ব্যাখ্যা চেয়ে বিটিআরসিকে চিঠি পাঠায় জিপি।