বিটিআরসির দাবি করা অর্থ দেবে না জিপি
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা তিন হাজার ৩৪ কোটি টাকা দেবে না গ্রামীণফোন (জিপি)। প্রয়োজনে আইনের আশ্রয় নেবে তারা।গতকাল রোববার রাজধানীর স্থানীয় এক হোটেলে জিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেলিনরের এশীয় অঞ্চলের প্রধান এবং জিপির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে এ কথা জানান। নরওয়ের জাতীয় মুঠোফোন প্রতিষ্ঠান টেলিনর দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন কোম্পানি জিপির মূল কোম্পানি। সদ্য সমাপ্ত নিরীক্ষা কার্যক্রম শেষে বিটিআরসির দাবিতে টেলিনর কোনো ধরনের স্বচ্ছতা দেখছে না বলেও মন্তব্য করেন সিগভে। তিনি বলেন, ‘আমরা টাকা দেব না। কারণ, যে পদ্ধতিতে এবং যে প্রক্রিয়ায় ওই নিরীক্ষা করা হয়েছে, তা আন্তর্জাতিক মানের নয়।’ ওই নিরীক্ষা কার্যক্রমেও কোনো ধরনের স্বচ্ছতা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করে সিগভে বলেন, ‘এখনো বিটিআরসির বেঁধে দেওয়া সময় শেষ হয়নি। এর মধ্যে বিটিআরসি ওই নিরীক্ষা কার্যক্রম প্রত্যাহার না করলে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া যাবে। তবে আশা করি, সরকারের সদিচ্ছা থাকলে জিপির প্রয়োজন হবে না আইনের কাছে যাওয়ার।’টেলিনরের এশীয় অঞ্চলের প্রধান আরও বলেন, ‘একটি আন্তর্জাতিক মানের নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে নতুন করে আবার নিরীক্ষা করা হলে এবং সেই নিরীক্ষায় পাওয়া তথ্যে যদি জিপির কোনো ভুল থাকে, অবশ্যই তা মেনে নেওয়া হবে।’ এ পর্যন্ত বাংলাদেশে জিপির বিনিয়োগ ২৫০ কোটি মার্কিন ডলার ( প্রায় ১৮ হাজার ৭৫০ কোটি টাকা) এবং সরকারের কোষাগারে কর হিসাবে ২৭০ কোটি ডলার (প্রায় ২০ হাজার ২৫০ কোটি টাকা) দেওয়া হয়েছে উল্লেখ করে জিপির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, ‘বিনিয়োগের চেয়ে যেখানে প্রদেয় করের অঙ্ক বেশি, সেখানে সত্যি জিপির ভুল হলে অর্থ অবশ্যই দেব।’দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন-প্রক্রিয়ায়ও স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে সিগভে ব্রেক্কে বলেন, ‘এ ক্ষেত্রে যে পরিমাণ আয় থেকে কর, তরঙ্গ ফি এবং নীতিমালা করা হয়েছে, তাতে ভবিষ্যতে অনেক সমস্যা হবে। ুুুুুুুুুুুপ্রথম দিকে আমরা এ নিয়ে আপত্তিও করেছিলাম। কিন্তু এখন ব্যবসার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি।’ তিনি টুজি লাইসেন্স নবায়ন-প্রক্রিয়ায় গ্রাহকসংখ্যার ভিত্তিতে ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর’ নিয়ে আপত্তি জানিয়েছেন।টেলিনর বিশ্বের ১১টি দেশে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে। বিভিন্ন দেশে তাদের মোট গ্রাহকসংখ্যা ১২ কোটি ৮০ লাখ। এর মধ্যে সাড়ে ৭ কোটি গ্রাহক বাংলাদেশের। তাই এ দেশের বাজার খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান সিগভে ব্রেক্কে। তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশে সব অপারেটরের জন্য সমান সুযোগ বজায় থাকবে, যাতে সুস্থ প্রতিযোগিতা টিকে থাকে।’টুজি লাইসেন্স নবায়নের এই সময়ে জিপির ওপর বিটিআরসির রাজস্ব ফাঁকির অভিযোগসংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকারের সাহায্য আশা করেন জিপির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। তিনি বলেন, ‘টেলিযোগাযোগমন্ত্রী ও অর্থমন্ত্রী এর সমাধান করতে পারবেন।’ সরকার ও নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতিমালা এবং সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশের জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে ব্যবসা করতে এসেছি। চলে যেতে নয়।’প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গ: বাংলাদেশে সফররত টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডারিক বাকসাসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈঠকে আমি নিজে উপস্থিত ছিলাম না। কিন্তু প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বলতে পারি, নরওয়ের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে টেলিনরের কার্যক্রম এবং টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ সরকার ও নিয়ন্ত্রক কমিশনের নীতিমালা ও জিপির অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে।’টেলিযোগাযোগমন্ত্রীর বক্তব্য: জিপির কাছে বিটিআরসির পাওনা প্রসঙ্গে মন্ত্রণালয়ের কোনো ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘বিটিআরসি যা করছে, করুক। আর গ্রামীণফোন এ বিষয়ে মন্ত্রণালয় বা আমার সঙ্গে আলোচনায় বসতে চাইলে বসতে পারে।’ রোববার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।