বিটিআরসির দাবি করা টাকা দেবে না গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা তিন হাজার ৩৪ কোটি টাকা দেবে না গ্রামীণফোন (জিপি)। প্রয়োজনে তারা আইনের আশ্রয় নেবে। আজ রোববার রাজধানীর স্থানীয় এক হোটেলে জিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেলিনরের এশীয় অঞ্চলের প্রধান এবং জিপির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে এ কথা জানান।সদ্যসমাপ্ত নিরীক্ষা কার্যক্রম শেষে বিটিআরসির দাবিতে টেলিনর কোনো ধরনের স্বচ্ছতা দেখছে না মন্তব্য করেন সিগভে। বিটিআরসির পাওনা দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা টাকা দেব না। কারণ যে পদ্ধতিতে এবং যে প্রক্রিয়ায় ওই নিরীক্ষা করা হয়েছে, তা আন্তর্জাতিক মানের নয়।’ এ ছাড়া ওই নিরীক্ষা কার্যক্রমেও কোনো ধরনের স্বচ্ছতা দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি। সিগভে বলেন, ‘এখনো বিটিআরসির বেঁধে দেওয়া সময় শেষ হয়নি। এর মধ্যে বিটিআরসি ওই নিরীক্ষা কার্যক্রম প্রত্যাহার না করলে, প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া যাবে। তবে আশা করি, সরকারের সদিচ্ছা থাকলে জিপির প্রয়োজন হবে না আইনের কাছে যাওয়ার।’টেলিনরের এশীয় অঞ্চলের প্রধান আরও বলেন, ‘তবে একটি আন্তর্জাতিক মানের নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে নতুন করে আবার নিরীক্ষা করা হলে এবং সেই নিরীক্ষায় প্রাপ্ত তথ্যে যদি জিপির কোনো ভুল থাকে, অবশ্যই তা মেনে নেওয়া হবে।’ এ পর্যন্ত বাংলাদেশে জিপির বিনিয়োগ ২৫ লাখ মার্কিন ডলার এবং সরকারের কোষাগারে কর হিসেবে ২৭ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে উল্লেখ করে জিপির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, ‘বিনিয়োগের চাইতে যেখানে প্রদেয় করের অঙ্ক বেশি, সেখানে সত্যি জিপির ভুল হলে অর্থ অবশ্যই দেব।