বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদন স্থগিতের অনুরোধ গ্রামীণফোনের
নিরীক্ষা প্রতিবেদন স্থগিত করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কাছে আজ সোমবার চিঠি পাঠিয়েছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।চিঠিতে গ্রামীণফোন জানিয়েছে, বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদন ত্রুটিপূর্ণ ও অমীমাংসিত। এটি ভুল উপসংহারে শেষ করা হয়েছে। তারা চিঠিতে আশা প্রকাশ করেছে যে বিটিআরসি এসব ব্যাপারে নির্ভুল ও প্রাসঙ্গিক তথ্য নিয়ে কাজ করবে।গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা (সিসিও) কাজী মনিরুল কবির এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘আমরা বিটিআরসির কাছে চূড়ান্ত প্রতিবেদনের কপি চাইলেও তারা আমাদের সেটা সরবরাহ করেনি।’ জানতে চাইলে, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন, ‘গ্রামীণফোন এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন আমাদের কাছে চায়নি। বিটিআরসি ৩ অক্টোবর তাদের চিঠি দিয়ে তিন হাজার ৩৪ কোটি টাকা পাওনা পরিশোধের আহ্বান জানিয়েছে। এর জবাবে এর পরদিনই ৪ অক্টোবর গ্রামীণফোন ছয়টি ব্যাপারে আপত্তি জানিয়ে আমাদের ফিরতি চিঠি দেয়। তাদেরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু বৈঠকে তারা কোনো প্রস্তুতি নিয়ে আসেনি। এ ব্যাপারে কোনো সময়ও তারা চায়নি।’পুরো ব্যাপারে এ মুহূর্তে বিটিআরসির করণীয় কি তা জানতে চাইলে জিয়া আহমেদ বলেন, ‘এখন আমাদের আইনি পদক্ষেপের দিকে এগিয়ে যেতে হবে।’এদিকে, আজ সকালে গ্রামীণফোন টুজি লাইসেন্স নবায়নের আবেদন জানিয়েছে বলে জানা গেছে।