বিটিআরসির নোটিশ আদালত অমান্য করার শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালাম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নোটিশকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘হয়রানিমূলক’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ২০০৭ সালে একই ধরনের আদেশের বিরুদ্ধে একুশে টেলিভিশন উচ্চ আদালতে গেলে আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিটিআরসির চিঠির কার্যকারিতা স্থগিত করেন। রিট পিটিশনটি এখনো আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।সালাম বলেন, ‘যে চিঠির কার্যকারিতা আদালত স্থগিত করেছেন, সেই চিঠির ভিত্তিতে বিটিআরসির নতুন চিঠি আদালত অবমাননার শামিল।’আজ বৃহস্পতিবার একুশে টিভির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসব কথা বলেন। এর আগে ১১ মার্চ বিটিআরসি সাত দিনের সময় বেঁধে একুশে টিভিকে একটি ‘কারণ দর্শানো’ চিঠি দেয়। তাতে বলা হয়, একুশে টেলিভিশন রেডিও ইক্যুইপমেন্ট লাইসেন্স ছাড়া অবৈধভাবে স্পেকট্রাম ব্যবহার করে সম্প্রচার চালাচ্ছে।এ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘আজ একুশের অবস্থান পরিষ্কার করে বিটিআরসির চিঠির জবাব পাঠানো হয়েছে।’চিঠির প্রাপ্তি প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ একুশে টিভির কোনো চিঠি পাননি বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘চিঠি এখনো পাইনি। অফিসও শেষ। একুশে চিঠি পাঠালে তা রোববার হাতে পাব। সেটা নিয়ে কমিশনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরেবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’বিটিআরসির এই নোটিশের জন্য এক মন্ত্রী ও গণমাধ্যমের কিছু ব্যক্তি দায়ী উল্লেখ করে একুশের চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হলেও তাঁর অগোচরেই এই ষড়যন্ত্র চলছে।’ কারণ প্রথমবার বন্ধ হওয়ার পর একুশে টিভিকে পুনরায় সম্প্রচারে আনতে বর্তমান প্রধানমন্ত্রী উত্সাহ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।একুশে বন্ধে কোন মন্ত্রী দায়ী? এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত করে সালাম বলেন, ‘গণমাধ্যমের দায়িত্ব কোন মন্ত্রণালয়ের, সেটা আপনারা জানেন।’ তিনি ১২ মার্চের জনসভার সম্প্রচারের জন্য আরও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার কয়েক ঘণ্টার জন্য বন্ধ করার ঘটনাটি উল্লেখ করেন। সালাম বলেন, ‘বৈদেশিক মুদ্রায় স্যাটেলাইটের ভাড়া জমা দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় এখনো একুশে ও বাংলাভিশনের জন্য চিঠি তৈরি করেনি। অন্যদিকে নতুন সব চ্যানেলের জন্য তথ্য মন্ত্রণালয় কাগজ তৈরি করেছে দ্রুততম সময়ে।’ একুশে টিভির চেয়ারম্যান এসব বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা দাবি করেন।২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিরিয়াল টিভি কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করে। ২০০২ সালের ২৯ আগস্ট চারদলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ে একুশে টিভি বন্ধ করে দেওয়া হয়। ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টিভি হিসেবে সম্প্রচারে আসে একুশে। পরে ২০০৭ সালের ২২ এপ্রিল বিটিআরসি একটি চিঠির মাধ্যমে একুশে টিভিকে ৩০ কোটি নয় লাখ ২৬ হাজার টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে বলে। অন্যথা তরঙ্গ স্থগিত করার হবে বলে বিটিআরসির চিঠিতে উল্লেখ করা হয়। বিটিআরসির ওই চিঠির প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয় একুশে টিভি। বিষয়টি এখনো বিচারাধীন বলে দাবি করেন আবদুস সালাম।আবদুস সালাম বলেন, বিটিআরসির ডিমান্ড নোট অনুযায়ী সব ধরনের চার্জ এবং ফি পরিশোধ করে আসছেন তাঁরা। এমনকি সেটা ২০১২ সাল পর্যন্ত হালনাগাদ রয়েছে বলে জানান তিনি। এর সপক্ষে একুশে কর্তৃপক্ষ উপযুক্ত কাগজপত্র উপস্থাপন করে।