বিটিভি ও সেন্সর বোর্ডের শীর্ষ পদ ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ পদে দুজন কর্তাব্যক্তি নেই। বিটিভিতে মহাপরিচালকের পদটি শূন্য পড়ে আছে। এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান। অন্যদিকে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের পদটিও শূন্য। এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব বজলুর রহমান।জানা গেছে, ১১ ফেব্রুয়ারি বিটিভিতে মহাপরিচালক হিসেবে কাজী আবু জাফর সিদ্দিকীর চুক্তিভিত্তিক মেয়াদের সময় শেষ হয়েছে। এরপর তাঁকে পুনরায় নিয়োগ দেওয়ার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।অন্যদিকে গত বছর ২৩ নভেম্বর পর্যন্ত চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জাহাঙ্গীর। পরে তাঁকে পিআইডিতে বদলি করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব দিয়ে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন চলচ্চিত্র প্রযোজকেরা। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব বজলুর রহমান দুপুরের পর এখানে এসে দায়িত্ব পালন করছেন। তাই সকাল থেকে সেন্সর বোর্ডের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা যায় না। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, ‘আমরা আশা করেছি, সরকার সেন্সর বোর্ডের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় পূর্ণ দায়িত্বপ্রাপ্ত কাউকে নিয়োগ দেবেন। কিন্তু এখনো তা হয়নি। বিষয়টি নিয়ে আমরা তথ্যসচিবের সঙ্গে কথা বলব।’তথ্যসচিব হেদায়েউল্লাহ আল মামুন বলেন, ‘শিগগিরই এই দুটি পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।’