বিটিভি ভবনে হামলা, তিনটি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের দুই দিনের হরতাল শেষে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের (বিটিভি) ফটকে হামলা চালিয়েছে হরতাল সমর্থকেরা। এছাড়া আজ রাতে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটর সাইকেল থেকে এক যুবক রামপুরা টেলিভিশন ভবনের প্রধান ফটকের সামনে একটি ককটেল ছুড়ে মারে। এ সময় ফটকে পুলিশ দায়িত্ব পালন করলেও কেউ আহত হননি। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শেখ নাজমুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘এক পর্যায়ে কর্তব্যরত পুলিশ হামলাকারীদের গুলি ছুড়লে তারা আবার একটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’ তিন গাড়িতে আগুনফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগে যাত্রীরা নিরাপদে নেমে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এর আধা ঘণ্টা আগে পল্লবী বাসস্ট্যান্ডের কাছে দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। দুটি ঘটনায় হতাহতের কোনো ঘটেনি বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। রাত ১১ টার দিকে আগারগাঁওয়ের তালতলায় একটি ট্যক্সিক্যাবে আগুন দেয় দুর্বৃত্তরা।ককটেল বিস্ফোরণআজ সন্ধ্যার দিকে তেজগাঁও এলাকায় হরতাল সমর্থকের ককটেলের আঘাতে মাসুদুর রহমান ওরফে মাসুদ নামে এক পথচারী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় মাসুদকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় হরতাল সমর্থকেরা তেজগাঁও কলমিলতা মার্কেটের সামনে একটি ককটেল ছোড়ে। ককটেলটি পথচারী মাসুদের ব্যাগের ওপর পড়ে বিস্ফোরণ ঘটে। এতে মাসুদ আহত হন। পরে পুলিশ তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, পথচারী মাসুদ যুবদল কর্মী হলেও বিস্ফোরণের ঘটনায় জড়িত নয়। সন্ধ্যার পর রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, একটি বিকট শব্দ শোনা গেছে। তবে এটা ককটেল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বিকেল সাড়ে চারটা থেকে রাত ১১ টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় রমনা ভবনের সামনে, মিরপুর, ফকিরাপুল, বিজয়নগর, মালিবাগ ও পল্টন এলাকায় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এতে হতাহতের কোনে ঘটনা বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।