বিটিভিকে বিরোধী দলের কর্মসূচি গুরুত্বের সঙ্গে প্রচারের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিকে সরকারি ও বিরোধী দলের কর্মসূচি এবং অন্যান্য অনুষ্ঠান সমান গুরুত্বের সঙ্গে প্রচারের পরামর্শ দিয়েছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। সংসদ সচিবালয়ের সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিটিভিতে বিরোধীদলীয় নেতা বা তাঁর দলের সংবাদ প্রচারের ক্ষেত্রে কোনো বৈষম্য বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা বা বাধা দেওয়া হয় না।বৈঠকে রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার লক্ষ্যে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। জনসাধারণের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও বেসরকারি সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঠিক ও সন্তোষজনকভাবে তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়। জনগণের কাছে তথ্য অধিকার আইন ২০০৯ পরিচিত করে তোলার জন্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পাশাপাশি স্থানীয়ভাবে মাইকিং ও মসজিদের ইমামদের মাধ্যমে অবহিতকরণ কর্মসূচি নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, সুকুমার রঞ্জন ঘোষ, আনিছুল ইসলাম মণ্ডল ও মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে তথ্য কমিশনার সাদেকা হালিম ও আবু তাহেরও বৈঠকে যোগ দিয়েছিলেন।