বিটিভিতে জমা পড়ল নাটক টেলিফিল্ম, ম্যাগাজিন আর চলচ্চিত্র
ঈদের আয়োজনে বেসরকারিভাবে নির্মিত নাটক ও অন্যান্য অনুষ্ঠান জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এবারের ঈদের জন্য বিটিভিতে ৩৫টি নাটক জমা পড়েছে। টেলিছবি দুটি, ম্যাগাজিন অনুষ্ঠান সাতটি এবং বাংলা চলচ্চিত্র জমা পড়েছে ১৮টি। ১০ অক্টোবর ছিল অনুষ্ঠান জমা দেওয়ার শেষ দিন। বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) ফরিদুর রহমান জানিয়েছেন, ১২ অক্টোবর (গতকাল) থেকে প্রিভিউ শুরুর কথা রয়েছে। হয়তো এক দিন পেছাতেও পারে। ১৩ সদস্যের প্রিভিউ কমিটি জমা পড়া অনুষ্ঠানগুলো থেকেই ঈদের জন্য অনুষ্ঠান বাছাই করবে। এবারের ঈদে বিটিভি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় বিটিভি নিজস্ব অনুষ্ঠান প্রচারের পাশাপাশি প্যাকেজের আওতার অনুষ্ঠানও প্রচার করবে। জানা গেছে, এবার অনুষ্ঠানের সংখ্যা অন্যবারের তুলনায় কম থাকায় ২৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে বিটিভির প্রিভিউ কমিটি।