বিটিভিতে নামি বিদ্যালয়ের পাঠদান প্রচারিত হবে: শিক্ষামন্ত্রী
২২ মে থেকে ঢাকার নামকরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঠদান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সারা দেশে সম্প্রচার করা হবে। এই সম্প্রচার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখানো হবে।আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। তিনি জানান, প্রাথমিক অবস্থায় রবি, সোম ও মঙ্গলবার সকাল নয়টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত এই পাঠদান সম্প্রচার করা হবে।২২ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি, ২৩ মে গভ. ল্যাবরেটরি স্কুলের গণিত ও ২৪ মে ঢাকার উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। পরবর্তী প্রচারসূচি বিটিভির ঘোষণা ও স্ক্রলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান প্রমুখ।