বিটিভিতে নামী বিদ্যালয়ের পাঠদানের সময় পরিবর্তন
নামী ও মানসম্মত বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঠদান বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে (বিটিভি) সম্প্রচারের সময় পরিবর্তন করা হয়েছে। ২২ মের পরিবর্তে এখন আগামী ১২ জুন থেকে এ সম্প্রচার শুরু হবে। দেশের স্কুলগুলোয় গ্রীষ্মকালীন ছুটি থাকায় সময় পরিবর্তন করা হয়েছে বলে আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রচারের ব্যবস্থা করা হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২ জুন সকাল নয়টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি, ১৩ জুন একই সময়ে গভ. ল্যাবরেটরি স্কুলের গণিত এবং ১৪ জুন একই সময়ে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের নবম শ্রেণীর ক্লাস প্রচার করা হবে। পরে ক্লাসের সংখ্যা ও সম্প্রচারের দিনের সংখ্যাও বাড়ানো হবে।প্রসঙ্গত, এর আগে ১৫ মে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ২২ মে থেকে নামী ও মানসম্মত বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঠদান বিটিভির মাধ্যমে সারা দেশে সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রচারের ব্যবস্থা করা হবে।