বিটিভিতে সরাসরি ছায়ানটের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পয়লা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। বিটিভি থেকে লিংক নিয়ে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বলে ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়েছে।শিল্পী ও দর্শক-শ্রোতাদের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তাব্যবস্থা নেবে। এ নিয়ে তারা ছায়ানটের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছে। ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার আগে শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ছায়ানটকে পয়লা বৈশাখ উদ্যাপন করতে হয়েছে। স্বাধীনতার পর ২০০১ সাল পর্যন্ত বিটিভি বিভিন্ন সময় এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে। ২০০২ সাল থেকে বিটিভি অনুষ্ঠানটি সম্প্রচারে বিরত থাকায় একটি বেসরকারি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচার করেছে। ইতিমধ্যে এটিএন নিউজ, দেশ টিভি, একুশে টিভি, বৈশাখী ও আরটিভি এ ব্যবস্থার অধীনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে।এ বছর অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে সরকার উদার ও বৈষম্যহীন অবস্থান গ্রহণ করেছে। ২৮ মার্চ তথ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সূত্রে ছায়ানটকে জানানো হয়েছে বিটিভি থেকে লিংক নিয়ে যেকোনো বেসরকারি চ্যানেল এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে পারবে। ছায়ানটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারও ছায়ানটের ওয়েবসাইট www.chhayanaut.org-এর মাধ্যমে সারা বিশ্বে এ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে।