বিটিভিতে ২৫ বছর পর অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভির এ সপ্তাহের নাটক ‘সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত’। নাটকটি লিখেছেন আনজীর লিটন, প্রযোজনা করেছেন রেজাউল হক আল কাদরি। নাটকে অভিনয় করেছেন আনোয়ারা। কথা হলো তাঁর সঙ্গে।বিটিভির নাটকে কত দিন পর অভিনয় করলেন?তা প্রায় ২৫ বছর তো হবেই। শেষ কাজ করেছিলাম সিরাজুল ইসলামের একটি নাটকে। তার আগে করেছিলাম নৃত্যনাট্য নকশি কাঁথার মাঠ। জি এ মান্নান ওটা পরিচালনা করেছিলেন। এই নৃত্যনাট্যে আমি রূপাই চরিত্রটি করেছিলাম। আমি চলচ্চিত্রের মানুষ। তাই টিভিতে খুব বেশি কাজ করা হয় না।এবার কাজ করে কেমন লেগেছে?খুবই ভালো। মনে হয়েছে, যেন নিজের ঘরে বসে কাজটা করেছি। সবার ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি। একটা মজার ঘটনা হয়েছে। নাটকে আমার দুই ছেলে। কিন্তু এ দুই ছেলের চরিত্রে কারা অভিনয় করছেন, তা আগে জানতে পারিনি। বিটিভিতে যাওয়ার পর দেখলাম, আমার এক ছেলে আজিজুল হাকিম। অন্যজনের কথা কেউ বলে না। অনেকক্ষণ পর দেখি আমার পাশে বসে রূপসজ্জায় ব্যস্ত খায়রুল আলম সবুজ। জিজ্ঞেস করতেই জানতে পারলাম, নাটকে তিনি আমার বড় ছেলে। কিন্তু চেহারা দেখে মনে হলো, তিনি স্বাভাবিক হতে পারছেন না। বাইরে চলে গেলেন। পরে হাকিম তাঁকে নিয়ে এলেন। কিছুক্ষণ আলাপ করার পর আর কোনো অসুবিধা হয়নি।আপনি এখন কী করছেন?বাসায়ই আছি। বাজার করে কিছুক্ষণ আগে ফিরেছি। এখন রান্না শুরু করব। আর গত কয়েক দিন তো খুব বিশ্বকাপ ফুটবলের খেলা দেখেছি। আমি ছিলাম আর্জেন্টিনার সমর্থক। আমার নাতনির নাম দরদি। ওকে মাঝেমধ্যে স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি। ছবির কাজও থাকে। দুটি ছবির কাজ চলছে। একটা এফ আই মানিকের, অন্যটি গাজী মাহবুবের। কয়েক মাস আগে নিজেদের একটা প্রযোজনা প্রতিষ্ঠান করেছি। নাম দোয়া। এখান থেকে একটি নাটক তৈরি করেছি, প্রচারও হয়েছে। সামনে ঈদের জন্য কয়েকটা কাজ করব।এগুলোতে আপনি অভিনয় করবেন?না, তবে নাটকগুলো আমিই লিখছি। অনেক আগে কিছু গল্প লিখে রেখেছিলাম। সেগুলোরই নাট্যরূপ দেওয়ার কাজ করছি।