বিটিভির অনুষ্ঠানের মান উন্নয়নের বাধা খতিয়ে দেখতে সংসদীয় উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান মানসম্মত নয় বলে মনে করে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি সরকারি এই চ্যানেলটির অনুষ্ঠানের মান উন্নয়নের বাধা খতিয়ে দেখতে একটি উপকমিটি করেছে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ উপকমিটি গঠন করা হয়। বৈঠকে বিটিভিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। সভায় একাধিক সাংসদ বলেন, বিটিভির খবর ও অনুষ্ঠানের মান না বাড়িয়ে বেসরকারি টেলিভিশনের সঙ্গে প্রতিযোগিতায় টেকা যাবে না। আর বিটিভির খবর জোর করে বেসরকারি টিভি চ্যানেলে চালিয়েও লাভ হবে না। খবর মানসম্পন্ন না হলে মানুষ ওই চ্যানেল দেখবে না।কমিটির সভাপতি ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বিটিভির অনুষ্ঠানের মান আরও উন্নত করতে হবে। আর উন্নত করার ক্ষেত্রে বাধা কোথায়, তা খতিয়ে দেখতে রেজা আলীকে আহ্বায়ক এবং জয়নুল আবদিন ফারুক ও বি এম মোজাম্মেল হককে সদস্য করে একটি উপকমিটি করা হয়েছে। কমিটি বিটিভির সামগ্রিক কর্মকাণ্ড পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবে। সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সারাহ্ বেগম কবরী, সুকুমার রজ্ঞন ঘোষ, বি এম মোজাম্মেল হক ও শাহিরয়ার আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।