বিটিভির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে: হাফিজউদ্দিন আহমেদ
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে সরকার বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, ভোলা-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে এই অপপ্রচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার বনানীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।সম্প্রতি বিগত ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ভোলায় ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাটি বিটিভিতে উপস্থান করা হচ্ছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন বিএনপির সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। ভোলা-৩ আসনের উপনির্বাচনের আগে সেখানে সরকার ও তাদের দলীয় সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে না।ভোলা-৩ আসনের সাংসদ জসিমউদ্দিনের মনোনয়ন উচ্চ-আদালত অবৈধ ঘোষণা করায় সম্প্রতি এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। আইন অনুযায়ী আগামী ৭ মের মধ্যে ওই আসনে উপনির্বাচন করতে হবে।