বিটিসিএলের ক্যাজুয়াল শ্রমিক কর্মচারীদের অবস্থান আন্দোলন
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ক্যাজুয়াল শ্রমিক কর্মচারীদের দাবির সঙ্গে একমত পোষণ করে আজ মঙ্গলবার ‘অবস্থান আন্দোলনে’ যোগ দিয়েছেন বিটিসিএলের ওয়ার্কচার্জড কর্মচারীরা।গত রোববার সকাল সাড়ে আটটা থেকে এ অবস্থান আন্দোলন করছে শ্রমিক কর্মচারীরা।জানা গেছে, আজ প্রচণ্ড গরম ও টানা অবস্থানের কারণে অসুস্থ হয়ে মগবাজারের পলি ক্লিনিকে ভর্তি হয়েছেন চার নারী ক্যাজুয়াল কর্মচারী। তাঁদের মধ্যে লতিফা বেগম ও মনোয়ারা বেগমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সক।সংগঠনের প্রচার সম্পাদক এস এম সাব্বির হোসেন অভিযোগ করেন, আন্দোলনে যেন যোগ দিতে না পারেন, সে জন্য স্থানীয় বিটিসিএল কর্তৃপক্ষ সুকৌশলে উত্তরবঙ্গের শ্রমিক কর্মচারীদের বাধা দিচ্ছে। তিনি প্রথম আলোকে জানান, এখনো তাঁদের বেতন-ভাতা দেওয়া হয়নি। ঢাকার আন্দোলনে অংশগ্রহণে বাধা দিয়ে তাঁদের বলা হয়েছে, বেতন-ভাতা ১৫ তারিখের পরে দেওয়া হবে। এরই মধ্যে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি বন্ধ হওয়ায় অফিস খুলবে আগামী রোববার ১৭ এপ্রিল। ফলে ১৭ তারিখের আগে কেউ বেতন পাবেন না।অবস্থান আন্দোলনে যোগদানকারী ক্যাজুয়াল কর্মচারীর সংখ্যা প্রায় এক হাজার ৭০০। আর ওয়ার্কচার্জড কর্মচারীরা সংখ্যা প্রায় তিন হাজার।সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। তিনি জানান, কর্তৃপক্ষ চাচ্ছে ক্যাজুয়াল শ্রমিক কর্মচারীদের মাস্টাররোলে রূপান্তরিত করতে। কিন্তু এই মাস্টাররোল পদ শুধু সরকারি কার্যালয়ের জন্য কার্যকর, কোম্পানি আইনে নয়। কেন কর্তৃপক্ষ গরিব শ্রমিক-কর্মচারীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে—এই বলে প্রশ্ন তোলেন তিনি।গতকাল শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে টানা ছয় ঘণ্টা বৈঠক শেষেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিটিসিএল কর্তৃপক্ষ।