সাবেক তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি, বর্তমানে বিটিসিএল) সকল অনাদায়ী টাকা আগামী এক মাসের মধ্যে আদায়ের সুপারিশ করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৯১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ ডাক বিভাগ এবং বিটিটিবির ২০০৪-২০০৫ সালের অডিট আপত্তি নিয়ে আলোচনা করা হয়।বৈঠক সূত্র জানায়, যেসব খাতে টাকা অনাদায়ী রয়েছে বলে অডিট আপত্তি রয়েছে, তা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়। খাতগুলো হলো বোর্ডের মোটরযান কর ও জরিমানা সরকারি খাতে জমা না করা, মূল্য সংযোজন কর না কাটা, বেসরকারি গ্রাহকদের কাছ থেকে টেলিফোন বিলের বকেয়া আদায় না করা, স্থায়ী বন্ধ টেলিফোন বিলের বকেয়া রাজস্ব অনাদায়ী, সরকারি অফিসের টেলিফোন রাজস্ব বাবদ টাকা অনাদায়ী, বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থার টেলিফোন রাজস্ব বাবদ টাকা অনাদায়ী, টেলিফোন রাজস্ব বাবদ টাকা অনাদায়ী, টেলিফোন শিল্প সংস্থার কাছ থেকে কার্ড ফোনের রাজস্ব বাবদ টাকা অনাদায়ী এবং বেতার-তরঙ্গ লাইসেন্স ফি বাবদ অনাদায়ী টাকা।এসব টাকা দ্রুত আদায় করে তা কমিটিকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া বাজেট বরাদ্দের পরও রক্ষণাবেক্ষণ খাতে ছয় কোটি ৮০ লাখ ৮১ হাজার ৭০৬ টাকা বেশি খরচ করা হয়েছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি তিন মাসের মধ্যে দায়েরকৃত মামলা নিষ্পত্তি করার সুপারিশ করে। এ বিষয়ে অন্যান্য আপত্তি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করে তা যথাযথ নিয়মে কমিটিকে জানানোর করার সুপারিশ করেছে হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আর প্রকল্পের কাজে কেনা মালামালের হদিস না পাওয়ায় এর মূল্য বাবদ ২০ কোটি ৬৮ লাখ টাকা সরকারী ক্ষতি হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, এম কে আনোয়ার, মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, খান টিপু সুলতান, আবদুস সালাম, নারায়ন চন্দ্র চন্দ ও ফরিদা আখতার, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) আহমেদ আতাউল হাকিম এবং ডাক ও টেলিযোগাযোগ-সচিব সুনীল কান্তি বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।