বিটিসিএলের ব্যাখ্যা, প্রথম আলোর বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেপরোয়া পদক্ষেপ বিটিসিএলের, অপটিক্যাল ফাইবার লাইনের ২০০ কোটি টাকার কাজ’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা পাঠিয়েছে। তাতে প্রতিবেদনে কিছু তথ্যে ভুল রয়েছে বলে দাবি করা হয়।বিটিসিএল: ৯১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় বৃদ্ধি সম্পর্কে বিটিসিএল বলেছে, প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ট্রান্সমিশন অংশের জন্য বরাদ্দ ধরা হয়েছিল ১৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (১১১ কোটি টাকা)। ডিপিপিতে এক হাজার ৪৩১ কিলোমিটার কেব্ল স্থাপনের কাজে সমদৈর্ঘ্যের জায়গায় ৮২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা কাটার ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। পরে অপটিক ফাইবার নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় এক হাজার ৫০২ কিলোমিটার। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান গত বছরের ২০ ডিসেম্বর ব্যয় প্রাক্কলন সিলগালা খামে পরিচালকের কাছে পাঠায়। প্রকল্প পরিচালক ২৬ ডিসেম্বর খামটি বিটিসিএলের পরিকল্পনা ও উন্নয়ন অঞ্চল প্রধানের কার্যালয়ে পাঠায়। প্রথম আলো: ২০০৬ সালে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় প্রকল্প ব্যয় যুক্তিকরণ কমিটির সভার প্রতিবেদন অনুযায়ী, ৮২৪ কিলোমিটার রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ ৬৪ কোটি ২৭ লাখ টাকা আলাদা বরাদ্দ রাখা হয়েছে। এ টাকা সরকারের (জিওবি) তহবিল থেকে দেওয়া হবে। অনুমোদিত ডিপিপিতে মোট এক হাজার ৪৩১ কিলোমিটার দৈর্ঘ্যের কথা বলা আছে। এর ব্যয় ধরা হয়েছে ১৩ দশমিক ৬ মিলিয়ন ডলার। ২০ ডিসেম্বর পরমর্শকের পাঠানো বর্ধিত প্রাক্কলনে এ ব্যয় বাড়িয়ে ২৪ দশমিক ৭৩ মার্কিন ডলার (২০০ কোটি ৯৯ লাখ টাকা) করা হয়। কিন্তু তাতে কত কিলোমিটার কাজ হবে তা উল্লেখ নেই। পরামর্শক ২৯ ডিসেম্বর আরেক চিঠিতে আগের অনুমোদিত কাজের চেয়ে ৮৩ কিলোমিটার কাজ বাড়ানো, ৭৫০টি হ্যান্ডহোল, এক হাজার ২০০ মিটার মাটি ফুটো করা ও পরিবেশগত ক্ষতির কথা বলেন। কিন্তু ৮৩ কিলোমিটার কাজ বৃদ্ধির জন্য ব্যয় প্রায় দ্বিগুণ করা যুক্তিযুক্ত বলে মনে করছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্ধিত ব্যয় প্রাক্কলন সিলগালা খামে পেয়ে সে অবস্থায় পরিকল্পনা শাখায় পাঠানোর বক্তব্যও সঠিক নয়। কারণ, তাতে প্রকল্প পরিচালকের নোটসহ একটি সংযুক্তি রয়েছে।বিটিসিএল: নেটাস প্রাক্-যোগ্যতার চাহিদামাফিক বেশ কিছু দলিল জমা দিতে ব্যর্থ হওয়ায় মূল্যায়নের প্রাথমিক ধাপে অকৃতকার্য বলে বিবেচিত হয়।প্রথম আলো: এ বিষয়ে বিটিসিএল যেসব যুক্তি সরকারি ক্রয়সংক্রান্ত রিভিউ প্যানেলে উপস্থাপন করেছিল, তা গ্রহণযোগ্য হয়নি। আর আইন অনুযায়ী, রিভিউ প্যানেলের সিদ্ধান্ত মানতে বিটিসিএল বাধ্য। বিটিসিএল: কো-অর্ডিনেশন (সমন্বয়) কমিটির প্রতিবেদনে প্রাক্কলনটিকে বাস্তবসম্মত বলতে অস্বীকৃতি জানিয়েছেন মর্মে কোনো মন্তব্য নেই।প্রথম আলো: পরিকল্পনা ও উন্নয়ন শাখা থেকে সাত সদস্যের সমন্বয় কমিটির কাছে জানতে চাওয়া হয়, বর্ধিত প্রাক্কলন বাস্তবসম্মত কি না? জবাবে কমিটি জানায়, প্রাক্কলন তৈরির ক্ষেত্রে পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করা হয়নি। কমিটি কাজের বিস্তারিত বিবরণ চেয়েও পরিকল্পনা শাখার কাছ থেকে পায়নি।বিটিসিএল: একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে প্রতিবেদন দিয়েছে মর্মে যে খবরটি দেওয়া হয়েছে, তাও তথ্যভিত্তিক নয়। প্রকৃতপক্ষে, তারা কোনো তদন্ত প্রতিবেদন দেয়নি। বরং কোনো সূত্র থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কিছু বিষয়ের অবতারণা করে বিভিন্ন অনিয়ম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় বরাবর পত্র দিয়েছে। বিষয়গুলো তদন্ত করার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয় কমিটি গঠন করেছে।প্রথম আলো: প্রতিবেদনে উল্লিখিত গোয়েন্দা প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেলিফোনে কথোপকথন থেকে দুর্নীতি ও প্রাক্কলন বাড়িয়ে আত্মসাতের পাঁয়তারার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। বিটিসিএল: মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনা অনুযায়ী গত ৯ এপ্রিল বিটিসিএল রিভিউ প্যানেলের রায়ের বিষয়ে একজন খ্যাতনামা আইনজীবীর মতামত নিয়ে তা মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় গত ১৮ এপ্রিল আইনি মতামত অনুসারে সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়। ২৫ এপ্রিল মন্ত্রণালয়ের সচিব, জাইকা ও বিটিসিএলের ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তক্রমে রিভিউ প্যানেলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট ১০ মে রিভিউ প্যানেলের রায় দুই মাসের জন্য স্থগিত করেন।প্রথম আলো: প্রথমত, সরকারি কাজে মৌখিক নির্দেশের আইনি ভিত্তি নেই। আর সরকারি প্রতিষ্ঠান মামলা করতে হলে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার অনুমতি লাগে। বিষয়টি বিটিসিএলের পরিচালনা পর্ষদকেও অবহিত করতে হয়। বিটিসিএলের ব্যাখ্যায় এ প্রক্রিয়ার বিষয়ে কোনো তথ্য নেই। আবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়ে থাকলে ৩ মে আর্থিক দর প্রস্তাব খোলা রহস্যজনক। হাইকোর্ট দুই মাসের স্থগিতাদেশ দেওয়ার পর নাটাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে তা পরিবর্তন করে স্থিতাবস্থার নির্দেশ দেন। ব্যাখ্যায় বিটিসিএল এ তথ্যটি উল্লেখ করেনি।