বিটিসিএলের সেবার মান বাড়েনি, কমেনি হয়রানিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ডকে (বিটিটিবি) বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেড কোম্পানিতে (বিটিসিএল) রূপান্তর করা হলেও সেবার মান একটুও বাড়েনি। বেড়েছে হয়রানি। আবেদনপত্র জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দাবিনামা পাওয়ার নিয়ম করা হলেও বাস্তবে দাবিনামা পেতে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা। সংযোগ পেতে এখনো গড়ে গ্রাহকদের ঘুষ দিতে হচ্ছে প্রায় ছয় হাজার টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে টিআইবি আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। ‘বিটিসিএলকে কোম্পানি হিসেবে কার্যকর করার দাবি’ শীর্ষক এ আলোচনা সভায় টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিনের সভাপতিত্বে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, সংযোগ, বিলপ্রদান, টেলিফোন স্থানান্তরসহ বিভিন্ন সেবা পেতে ঘুষ দেওয়াটা নিয়ম হয়ে গেছে। সংযোগ পেতে ৬৬ শতাংশ গ্রাহককে গড়ে ছয় হাজার টাকা, বিলের সমস্যা সমাধানে গ্রাহকদের ৫০ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা ও স্থানান্তরের জন্য ৭১ শতাংশ গ্রাহককে গড়ে দুই হাজার ৫০ টাকা ঘুষ দিতে হচ্ছে। সেই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় পদায়ন, বদলি ও পদোন্নতি, জবাবদিহি ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় অনিয়ম, পরিবহন শাখায়, প্রকল্পে, নিরীক্ষায় এবং সিবিএ নেতাদের দুর্নীতি, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত্, অবৈধ শ্রমিক নিয়োগ, বাজেট বরাদ্দের চেয়ে বেশি ব্যয়সহ বিভিন্ন ধরনের অনিয়ম বিটিসিএলে এখনো বিদ্যমান। এ ছাড়া কোম্পানি হওয়ার পরও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা, চেয়ারম্যানের স্বল্প মেয়াদসহ অনেক রকমের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে।সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু টিআইবির এ প্রতিবেদনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেন। তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৫ মাসে বিটিসিএল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। কোম্পানির পরিচালনা পর্যদের ওপর যখন-তখন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধ করার পরামর্শ দেন তিনি। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) অবৈধ ব্যবহার রোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ খুব একটা কার্যকর নয় বলে তিনি মন্তব্য করেন। এ সমস্যার সমাধানে আইনগত কাঠামোর মধ্যে ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার জন্য তিনি সুপারিশ করেন।বিটিসিএলের চেয়ারম্যান এস এম খাবীরুজ্জামান বলেন, প্রযুক্তি দিয়ে প্রযুক্তিগত সমস্যা সমাধানের পথে এগোচ্ছে বিটিসিএল।