বিটিসিএলের ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন ১২৮ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেও গুরুত্বপূর্ণ পদে বসে আছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির (বিটিসিএল) ১২৮ জন কর্মকর্তা-কর্মচারী। অর্থ আত্মসাতের তদন্ত চলাকালে তাঁদের মধ্যে অন্তত দুজন উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতিও দেওয়া হয়েছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদে থাকা এবং পদোন্নতির ঘটনায় সংস্থাটির অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।দরপত্রে অনিয়ম, সংস্থার যানবাহনের জ্বালানি ব্যবহার, রক্ষণাবেক্ষণ, মেরামত ও যাতায়াতের ভুয়া বিল-ভাউচার দেখিয়ে ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে এই অর্থ আত্মসাৎ করেন এসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এই আত্মসাতের খবর বেরিয়ে আসে। ২০০৮ সালে দুদক প্রথম তদন্ত শুরু করে। গত বছর আত্মসাতের বিষয়টি নিশ্চিত হয়ে দুদক ১২৮ জনের মধ্যে ১৩ কর্মকর্তাকে গুরুতর দুর্নীতিবাজ চিহ্নিত করে। পরে তাঁদের বরখাস্তের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিসিএল কর্তৃপক্ষের কাছে সুপারিশও পাঠায়। কিন্তু এখনো তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিটিসিএল। জানতে চাইলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে ২০০৮ সালে তৎকালীন দুর্নীতিবিরোধী টাস্কফোর্স বিটিসিএলের ব্যাপক দুর্নীতি উদ্ঘাটন করে। এ ব্যাপারে বিটিসিএলের গাড়ি মেরামত ও সংরক্ষণ খাতে ভুয়া বিল দাখিল করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। ওই অভিযোগের ভিত্তিতে একই বছর ২১ ডিসেম্বর রমনা থানায় বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়ের যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ বিভাগের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়। তাঁদের চাকরিচ্যুতির সুপারিশ করেছিল দুদক। কিন্তু এটা বাস্তবায়ন করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেন, এই গুটিকয়েক ব্যক্তির কারণে পাইকারি হারে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতিবাজ আখ্যা দেওয়া হয়। এখন কোম্পানি হওয়ার পরও তাঁদের দুর্নীতি সমান তালে চলছে। দুর্নীতি তদন্ত: ১২৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অনুসন্ধানে দুটি দল কাজ শুরু করে ২০০৮ সালের মে মাসে। দল দুটির নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক নূরুল ইসলাম ও প্রধান সহকারী পরিচালক এস এম সাহিদুর রহমান।দুদকের তদন্তে বেরিয়ে আসে ২০০১-০২ অর্থবছর থেকে ২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা বিটিসিএলের বিভিন্ন বিভাগ থেকে ২৯৫ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৫৭৪ টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক পর্যায়ে মোট ২০০ কর্মকর্তা-কর্মচারীকে সন্দেহভাজন ধরে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। কিন্তু চূড়ান্ত অনুসন্ধানে এর সঙ্গে ১২৮ জনের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে মামলা করা শুরু হয় ২০১০ সালে। এ পর্যন্ত ৩৭টি মামলা হয়েছে। তদন্ত শেষে দুদক আদালতে ২০টি মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে। আরও সাতটি মামলার অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে বলে দুদক সূত্র জানিয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে দুদকের বিশেষ অনুসন্ধানী দলের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, বিটিসিএলের যে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে তা প্রকৃত দুর্নীতির সামান্য একটি অংশ। আরও অনেক দুর্নীতির অভিযোগ এসেছে। এগুলোর তদন্তেও বিশেষ অনুসন্ধান চলছে। আসামি যাঁরা: আসামির তালিকায় আছেন বিভাগীয় প্রকৌশলী আবদুর রহিম, ফেরদৌস আলম, সরকার মো. জাবেদ রব্বানী, মোয়াজ্জেম হোসেন ভূঞা, আইয়ুব আলী, কবীর হাসান, শাহজাহান আলী মোল্লা, নাজিমউদ্দিন প্রামাণিক, রফিকুল ইসলাম, আহসান হাবিব তপাদার, মুসফিকুর রহমান, আবদুল আওয়াল, অজিত কুমার মুহুরী, প্রবীর কুমার সাহা, উৎপল দেওয়ান, হাবিবুর রহমান, খোন্দকার জুবায়ের হাসান, জুলফিকার ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সাধন কুমার দাশ, হাবিবুর রহমান প্রামাণিক, খোরশেদ আলম, আখতারুজ্জামান, ব্রজগোপাল বণিক, ইউসুফ আলী, মো. নাছির, স্বপন কুমার রায়, খলিলুর রহমান, হাবিবুল্লাহ কায়সার, জাকারিয়া ফরিদী, বিভাগীয় হিসাবরক্ষক গোপেন্দ লাল রায়, আবদুস সামাদ, হাবিবুর রহমান আজাদ, নিত্যানন্দ বর্ধন, এ কে এম কামালউদ্দিন, লিয়াকত আলী, জ্বালানি বিভাগের কর্মী এস এ ই শেখ মো. শফিউল্লাহ, আবুল কাশেম, ছায়েদুল হক, ফজলুল হক, আহসান আলী, ঊর্ধ্বতন হিসাবরক্ষক মুজিবুর রহমান, হাবিবুল্লাহ বাহার চৌধুরী, আইউব রেজা পাহলভি, হিসাবরক্ষক বদিউল আলমসহ ১২৮ জন।দুদকের সুপারিশ কার্যকর হয়নি: গত বছরের ১০ নভেম্বর টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিসিএল কর্তৃপক্ষের কাছে ১৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সুপারিশ জানিয়ে চিঠি পাঠায় দুদক। তাঁদের বিরুদ্ধে আলাদা দুর্নীতির চারটি মামলা করা হয়। কিন্তু বিটিসিএল দুদকের সুপারিশ আমলে নেয়নি। উপরন্তু দুই উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম ও মোহাম্মদ শাহাজাহান মিয়াকে তদন্ত চলাকালেই সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়। দুদক আরও যেসব কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশ করেছে, তাঁরা হলেন বিভাগীয় প্রকৌশলী ফখরুল হায়দার চৌধুরী, এ কে এম জাফর সাদেক, রইস উর রহমান, মোস্তফা হানিফ চৌধুরী, আবদুল গনি, উপসহকারী প্রকৌশলী ফজলুল হক-১, ফজলুল হক-২, আহমেদ আলী, সায়েদুল হক, সফিকউল্লাহ ও মোটরযান পরিদর্শক মো. ফারুক। এই ১৩ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্রে বলা হয়, তাঁরা পরস্পর যোগসাজশে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভুয়া বিল-ভাউচার দাখিল করে বিটিসিএলের (তৎকালীন বিটিটিবি) প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মামলা ও জামিনের খেলা: অর্থ আত্মসাতের দুটি মামলায় ওই ১৩ কর্মকর্তার মধ্যে আটজনকে গত ২৬ জানুয়ারি কারাগারে পাঠানো হয়। তাঁরা হলেন বিভাগীয় প্রকৌশলী ফখরুল হায়দার চৌধুরী, এ কে এম জাফর সাদেক, উপসহকারী প্রকৌশলী ফজলুল হক-১, ফজলুল হক-২, আহমেদ আলী ও পরিদর্শক মো. ফারুক। তাঁদের বিরুদ্ধে চার কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক ২০০৮ সালের ২১ ডিসেম্বর রমনা থানায় এই মামলা করে। একই দিনে দায়ের করা অপর মামলার আসামিরা হলেন বিভাগীয় প্রকৌশলী মোস্তফা হানিফ চৌধুরী ও শাহজাহান মিয়া। তিন কোটি ৭৮ লাখ ছয় হাজার টাকা আত্মসাতের দায়ে আদালত তাঁদের কারাগারে পাঠান। পরে জামিনে বের হয়ে আবারও স্বপদে যোগ দেন ওই আটজন। এ প্রসঙ্গে জানতে চাইলে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ খান মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিষয়টি টেবিলেই পড়ে রয়েছে।