বিডি নিউজ কার্যালয়ে সন্ত্রাসী হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তিন কর্মীকে নিজ কার্যালয়ে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা, মারধর করেছে আরও কয়েকজনকে। আজ সোমবার রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজের কার্যালয়ের নীচতলায় এ ঘটনা ঘটে।ছুরিকাঘাতে আহত সহ-সম্পাদক নেওয়াজ রিফাত, প্রতিবেদক সালাহউদ্দিন আহমেদ প্রীতম ও পরিচ্ছন্নতা কর্মী রুহুল আমিনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে তাঁদের অস্ত্রপচার চলছিল। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা।বিডিনিউজের অফিস সহকারী সোহাগ বলেন, প্রতিষ্ঠানটির কার্যালয় স্থানান্তরের জন্য জিনিসপত্র নীচে নামানো হচ্ছিল। জিনিসপত্রের সঙ্গে নীচে দাঁড়িয়ে ছিলেন তিনি সহ অফিস সহকারী ইস্রাফিল ও রুহুল আমিন। এসময় এক তরুণ এসে নীচে বাইসাইকেল নিয়ে দাঁড়ায়। নীচে জিনিসপত্র রাখা নিয়ে তাঁর সঙ্গে রুহুল আমিনের বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পরেই ওই তরুণসহ কয়েকজন এসে তাঁদের তিনজনকে মারধর, রুহুল আমিনকে ছুরিকাঘাত করে ও জিনিসপত্র ভাঙচুর করে। এ খবর পাঁচতলায় অফিসে পৌঁছালে দ্রুত কয়েকজন নেমে আসেন। অন্যরা পালিয়ে গেলেও ওই তরুণকে ধরে ফেলে তাঁরা পুলিশকে খবর দেন। তবে পুলিশ আসার আগেই ২০/২৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে নীচতলায় এসে হামলা চালায়। তাঁরা নীচে থাকা রিফাত ও প্রীতমের পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আটক তরুণকে নিয়ে চলে যায়। ছুরিকাঘাতের পর অন্য সহকর্মীরা আহতদের পাঁচতলার অফিসে নিয়ে যায়।আজ রাতে বিডিনিউজের কার্যালয়ে গিয়ে দেখা গেছে নীচতলা থেকে পাঁচতলা পর্যন্ত রক্ত আর রক্ত। নীচতলায় রক্তের দলা, সিঁড়িতে ছোপ ছোপ রক্ত, আর পায়ে পায়ে তা ছড়িয়েছে সবখানে। পাঁচতলায় কার্যালয়ের ভেতরেও দেখা গেছে ছোপ ছোপ রক্ত।ঘটনার পর রাতে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার খন্দকার লুত্ফুল কবীর বলেন, দুর্বৃত্তদের ধরতে তাত্ক্ষণিকভাবে পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, দুর্বৃত্তরা আশেপাশের লোকালয়ের হতে পারে বলে পুলিশের ধারণা।