বিডি ফুডসের কর্মকর্তাসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ৫৪ কেজি হেরোইন পাচারের ঘটনায় রাজধানীর সূত্রাপুর থানায় করা মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। তবে বিডি ফুডসের চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিন ও ব্যবস্থাপক মইন উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি দাবি করে তাঁদের মামলা থেকে অব্যাহতির আবেদন করেছে সিআইডি।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিদর্শক মোহাম্মদ হোসেন গত ১ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।লন্ডনের দুটি সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশ থেকে সবজি ও টাইলস রপ্তানির আড়ালে হেরোইন পাচারের সময় ৭৫ কেজির দুটি চালান ধরা পড়ে। এর মধ্যে ২১ কেজির চালানটি নিয়ে ২০০৬ সালে সিআইডি বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে। ৫৪ কেজির চালানটি নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় সূত্রাপুর থানায়। গত জুন মাসে ২১ কেজি হেরোইন পাচারের মামলায় বিডি ফুডসের মালিক বদরুদ্দোজা মোমিনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। সবজির ভেতরে করে ওই হেরোইন পাচার করা হয়েছিল।৫৪ কেজি হেরোইন পাচারের মামলা: এই মামলায় অভিযোগপত্রে যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন বিডি ফুডসের সাবেক কর্মকর্তা নাজমুল হায়দার ওরফে বুলবুল, আবু বকর সিদ্দিক, চট্টগ্রামের ডবলমুরিং থানার এআরএফ ট্রেডার্সের আলতাফ হোসেন ভূঁইয়া (সিঅ্যান্ডএফ এজেন্ট), গ্রিন হ্যাভেনের মালিক আবুল বাশার ওরফে সেলিম এবং তাঁর সহযোগী কাজী জাফর রেজা ও মিন্টু ওরফে তাজউদ্দিন। মিন্টু ও আলতাফ হোসেন ভূঁইয়াকে পলাতক দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। বাকি চারজন জামিনে আছেন।আদালত সূত্র জানায়, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।অভিযোগপত্রে বলা হয়, ২০০৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে বাসার মেঝের টাইলসের ভেতরে করে যুক্তরাজ্যের সাউথ হেমটন বন্দরের উদ্দেশে ৫৪ কেজি হেরোইন পাচার করা হয়। চালানটি যুক্তরাজ্যে পৌঁছানোর পর সে দেশের পুলিশ তা জব্দ করে। এ ঘটনা যুক্তরাজ্য বাংলাদেশ কর্তৃপক্ষকে জানালে সরকার তৎপর হয়। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে সিআইডির তৎকালীন কর্মকর্তা দীপক চন্দ্র গুপ্ত বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি বিডি ফুডসের কর্মকর্তা নাজমুল হায়দার, মোখলেছুর রহমান ও মাঈনুদ্দিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।সিআইডির দেওয়া অভিযোগপত্রে বলা হয়, যুক্তরাজ্যে আটক হেরোইন মামলার আলামত হিসেবে পরীক্ষা ও জব্ধ করতে চাইলে যুক্তরাজ্য এই মর্মে অঙ্গীকার চেয়ে শর্ত আরোপ করে যে, আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না। বাংলাদেশের প্রচলিত আইনের কারেণ এ ধরনের অঙ্গীকার করা সম্ভব নয় জানালে সিআইডিকে মামলার সে দেশে অংশের বিষয়ে তদন্তের জন্য যাওয়ার অনুমতি দেয়নি যুক্তরাজ্য। তদন্তে যুক্তরাজ্যের সহায়তা না মেলায় মামলার আলামত সংগ্রহ করা সম্ভব হয়নি বলে অভিযোগপত্রে উল্লোখ করা হয়।বাংলাদেশের আইনে এক কেজির বেশি হেরোইন পাচারে মৃত্যুদণ্ডের বিধান আছে। কিন্তু যুক্তরাজ্য মৃত্যুদণ্ড সমর্থন করে না। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা হেরোইন পাচারের সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁরা একে অপরের পরিচিত ও ঘনিষ্ঠ সহযোগী। এই মামলায় পুলিশ বিডি ফুডের মালিক বদরুদোজ্জা মোমিন ও মইন উদ্দিনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সিআইডি বলছে, তাঁদের বিরুদ্ধে হেরোইন পাচারের সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই এই দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।যুক্তরাজ্যে দুই বাংলাদেশি: আসামি কাজী জাফর রেজা ও আবুল বাশার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালতকে জানান, লন্ডনে বাংলাদেশি দুজন ক্রেতা আছেন। হেরোইন পাচারের জন্য তাঁরা নিয়মিত টাকা নিতেন। তাঁরা স্বীকারোক্তিতে আরও বলেন, তাজউদ্দিন আহমেদ ওরফে মিন্টু নামে একজন বাংলাদেশি পাচার করা হেরোইন যুক্তরাজ্যের জাহাজ বা বিমানবন্দর থেকে খালাস করতেন। মিন্টুর পরিকল্পনা ও অর্থায়নে হেরোইন পাচার করা হতো। মিন্টুকে সহযোগিতা করতেন আরেকজন বাংলাদেশি। মিন্টুই পাচার করা হেরোইনের ক্রেতা।