বিডি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিডি সি ফুডসের মৎস্য প্রক্রিয়াকরণ ও রপ্তানি লাইসেন্স আবার বাতিল করা হয়েছে।একই সঙ্গে এই লাইসেন্স বাতিল করেও ফিরিয়ে দেওয়ার অভিযোগে মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোতাহেরুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান খোন্দকারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সনদ জাল করে ইউরোপে সামুদ্রিক মৎস্য রপ্তানি করতে গিয়ে ধরা পড়ায় গত ১৯ মে বিডি সি ফুডসের মৎস্য প্রক্রিয়াকরণ ও রপ্তানি লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়। ৯ জুন এই আদেশ প্রত্যাহারের আবেদন করা হলে ১৩ জুন লাইসেন্স আবার বহাল করা হয়। এ বিষয়ে গতকাল রোববার প্রথম আলোয় ‘বিডি সি ফুডসের রপ্তানি সনদ জালিয়াতি লাইসেন্স বাতিল করেও চার দিনে প্রত্যাহার’ শিরোনামে খবর প্রকাশিত হয়।গতকাল মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এ নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পুরো ঘটনা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এ বিষয়ে জানতে চাইলে আবদুল লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, তাৎক্ষণিক তদন্তে প্রকাশিত খবরের সত্যতা পাওয়া গেছে। এ জন্য প্রাথমিকভাবে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত হবে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।