বিডিআর কলঙ্কমুক্ত হলো: ডিজি
‘বিডিআর আজ কলঙ্কমুক্ত হলো। নিশ্চয় বিডিআর আবার ঘুরে দাঁড়াবে।’ পঞ্চগড়ে গতকাল বুধবার বিদ্রোহের বিচারের প্রথম রায় ঘোষণার পর বিডিআরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মইনুল ইসলাম প্রথম আলোকে এই প্রতিক্রিয়া জানান।রায় ঘোষণার আগে আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম মামলার পুরো বিচারপ্রক্রিয়া ব্যাখ্যা করেন।এদিকে বিদ্রোহের বিচারের সরকারি কৌঁসুলি ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল হক রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, কয়েকজন দোষ স্বীকার করায় আদালত তাঁদের ক্ষেত্রে অনুকম্পা দেখিয়েছেন। এই ব্যাটালিয়নে আর কেউ বিদ্রোহের দায়ে অভিযুক্ত হয়েছেন কি না—জানতে চাইলে সিরাজুল হক প্রথম আলোকে বলেন, সাজা পাওয়া ২৯ জনের বাইরে এই ব্যাটালিয়নের আরও প্রায় ৬০ জন ঢাকায় বিডিআরের সদর দপ্তরের পিলখানা, বাইতুল ইজ্জতসহ অন্য জায়গায় বিদ্রোহে অংশ নিয়েছেন। তাঁদের বিচার ওই সব জায়গায় হচ্ছে বা হবে। এ ছাড়া আরও কিছু অভিযুক্ত আছেন, যাঁদের বিচার স্পেশাল কোর্টের আওতায় আনা হয়নি, এ ধরনের অভিযুক্তদের বিচার অধিনায়কের আদালতে হবে।মামলার বাদী ২৫ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর মো. আমিরুল হক বলেন, ‘এই রায়ের ফলে আমরা অস্থিরতামুক্ত হলাম এবং এতে বিডিআরের সুনাম ফিরে আসবে।’আসামি পক্ষের আইনজীবীরা বলেন, বেসামরিক আদালত থেকে বিডিআরের বিশেষ আদালতের বিচারব্যবস্থা পৃথক। এখানে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে সাক্ষীকে জেরা করা যায় না। অভিযুক্তরা কোনো সাক্ষী আদালতে হাজির করেননি।