বিডিআর জওয়ানেরা তিনবার সাংসদ তাপসের কাছে গিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের আগে বিডিআর জওয়ানেরা তাঁদের দাবি-দাওয়া নিয়ে তিনবার রাজধানীর ধানমন্ডি এলাকার সাংসদ শেখ ফজলে নূর তাপসের কাছে গিয়েছিলেন। দুইবার তাঁরা দেখা করেন ফজলে নূর তাপসের নির্বাচনী কার্যালয়ে। আর শেষবার ২০০৮ সালের ডিসেম্বরে ভোটের দিন পিলখানায় তাঁরা তাঁর সঙ্গে দেখা করেন। পিলখানা হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে আজ বুধবার আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলে নূর তাপস আসামিপক্ষের আইনজীবীর জেরার জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, এসব দাবির কথা তিনি দলীয় প্রধান শেখ হাসিনাকে জানিয়েছিলেন। তিনি আজ জেরায় অভিযুক্ত হিসেবে ডিএডি তৌহিদের নাম বলেছেন।পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ীভাবে স্থাপিত আদালতে পিলখানা হত্যা মামলার বিচার চলছে। জেলা ও দায়রা জজ জহুরুল হকের আদালতে আজ সকাল সাড়ে নয়টায় বিচারকাজ শুরু হয়। সাংসদ তাপস প্রথমে সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন।সাক্ষী হিসেবে জবানবন্দিতে শেখ ফজলে নূর তাপস বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির বাসা থেকে মতিঝিল কার্যালয়ে যাচ্ছিলাম। পিলখানার ভেতর থেকে গুলির আওয়াজ শুনতে পাই। দেখি ধোঁয়া বের হচ্ছে। তখন আমি ধানমন্ডি, লালবাগ ও নিউমার্কেট থানার ওসিদের সঙ্গে কথা বলি। মতিঝিল যাওয়ার পথে মনে হয়, বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীকে জানানো উচিত। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন যমুনায় যাই। সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে তাঁর সামরিক সচিবের সঙ্গে কথা বলতে দেখি। আমি জানতে পারি, সেনাবাহিনীকে পুরো পিলখানা ঘেরাও করার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে সেনাপ্রধান, মন্ত্রীরা যমুনায় আসেন। যমুনায় থাকার সময় বিডিআর জওয়ান পরিচয় দিয়ে একজন আমাকে ফোন করেন। তখন আমি বিষয়টি বোঝার চেষ্টা করেছি। আমি যমুনায় থাকার সময় ১৪ সদস্যের একটি দল যমুনায় আসে। বিদ্রোহীরা তিন বাহিনীর প্রধানদের সেখান থেকে চলে যেতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। প্রধানমন্ত্রী তখন তিন বাহিনীর প্রধানদের বাইরে যেতে বলেন। আমি, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক ও তারিক সাহেব উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রী বিদ্রোহীদের বলেন, “তোমরা অস্ত্রসমর্পণ করো। এর পর দাবি-দাওয়া শোনা হবে।” পরে তাঁরা চলে যান। গুরুত্বপূর্ণ সাক্ষীদের মধ্যে তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও তত্কালীন সেনাপ্রধান মইন উ আহমেদের সাক্ষ্য বাকি আছে।