নবম সংসদ নির্বাচনের আগে বিডিআর জওয়ানরা দাবি-দাওয়া নিয়ে তিনবার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করেছিলেন। দুবার তাঁরা দেখা করেন তাঁর কার্যালয়ে। শেষবার দেখা হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন পিলখানায়।পিলখানা হত্যা মামলায় গতকাল বুধবার আসামিপক্ষের জেরায় এ কথা বলেন ধানমন্ডি এলাকার আওয়ামী লীগদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, দাবি-দাওয়ার বিষয়টি তিনি দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অবহিত করেছিলেন। তবে নির্বাচনের পর প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কি না, তা তিনি জানেন না।পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পিলখানা হত্যা মামলার বিচার চলছে। এ মামলার ৫৭৫তম সাক্ষী হিসেবে গতকাল সাক্ষ্য দেন সাংসদ তাপস। সকাল সাড়ে নয়টার দিকে বিচারক জহুরুল হক এজলাসে আসার পর তাপস জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।সাংসদ তাপস জবানবন্দিতে বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির বাসা থেকে মতিঝিলে কার্যালয়ে যাওয়ার পথে পিলখানা থেকে গুলির আওয়াজ পাই। ধোঁয়া বের হতে দেখি। তখন ধানমন্ডি, লালবাগ ও নিউমার্কেট থানার ওসিদের সঙ্গে কথা বলি। মতিঝিল যাওয়ার পথে মনে হয়, বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীকে জানানো উচিত। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন যমুনায় যাই। সেখানে প্রধানমন্ত্রীকে তাঁর সামরিক সচিবের সঙ্গে কথা বলতে দেখি। জানতে পারি, সেনাবাহিনীকে পুরো পিলখানা ঘেরাও করার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর সেনাপ্রধান, মন্ত্রীরা যমুনায় আসেন। যমুনায় থাকার সময় বিডিআর জওয়ান পরিচয় দিয়ে একজন আমাকে ফোন করেন। তখন আমি বিষয়টি বোঝার চেষ্টা করেছি। আমি যমুনায় থাকার সময় ১৪ সদস্যের একটি দল যমুনায় আসে। বিদ্রোহীরা তিন বাহিনীর প্রধানদের সেখান থেকে চলে যেতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। প্রধানমন্ত্রী তখন তিন বাহিনীর প্রধানদের বাইরে যেতে বলেন। আমি, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক ও তারিক সাহেব উপস্থিত ছিলাম।’শেখ ফজলে নূর তাপস বলেন, বিডিআর জওয়ানরা দাবি জানান, তাঁরা সেনা কর্মকর্তাদের নেতৃত্বে থাকবেন না। বিডিআরের নামে ক্যাডার চালু করতে হবে। শান্তিরক্ষা মিশনে বিডিআর যাওয়ার সুযোগ দিতে হবে। পুলিশ প্রবিধানের মতো তাঁদের আইন তৈরি করতে হবে। এ ছাড়া তাঁদের রেশন ১০০ শতাংশ দিতে হবে। প্রধানমন্ত্রী বিদ্রোহীদের বলেন, ‘তোমরা অস্ত্র সমর্পণ করো। এরপর দাবি-দাওয়া শোনা হবে।’ পরে তাঁরা চলে যান। তিনি বলেন, ‘পিলখানায় ফিরে তাঁরা অস্ত্র সমর্পণ না করে কালক্ষেপণ করতে থাকেন। পরে তাঁদের সঙ্গে হোটেল আম্বালা ইনে আরও কয়েক দফা বৈঠক হয়। রাতে আমরা পিলখানায় গিয়ে কিছু কর্মকর্তার পরিবারকে বের করে আনি। দুপুরের দিকে গণমাধ্যমকর্মীরা বুঝতে পারেন অনেক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।’জবানবন্দি শেষে সাংসদ তাপসকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। আইনজীবী জানতে চান, জওয়ানদের দাবিগুলো আপনার দৃষ্টিতে যৌক্তিক ছিল কি? জবাবে তিনি বলেন, ২০০৮ সালের নভেম্বর ও ডিসেম্বরে বিডিআর জওয়ানরা তাঁদের দাবির কথা জানালে তিনি তা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অবহিত করেছিলেন।আইনজীবী দাবি করেন, বিদ্রোহ চলাকালে জওয়ানদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের কর্মকর্তাদের পিলখানার বাইরে যেসব বৈঠক হয় তাতে কোনো সেনা কর্মকর্তাকে হাজির করার শর্ত না দেওয়ায় সময়ক্ষেপণ হয় এবং তাতে সেনা কর্মকর্তারা নিহত হন। জবাবে তাপস বলেন, ‘বিদ্রোহীরা খুবই কৌশলী ছিলেন। তাঁরা নানা চতুরতা করে আমাদের সময়ক্ষেপণ করেছিলেন।’ পিলখানায় বহিরাগতরা ঢুকে হত্যাকাণ্ড করেছিল, এ জন্য সময়ক্ষেপণ করা হচ্ছিল—এর জবাবে তিনি বলেন, এটা সত্যি নয়। বিদ্রোহী জওয়ানদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কি বিডিআর মহাপরিচালকের সম্পর্কে জানতে চেয়েছিলেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ।’বিডিআর জওয়ানদের সঙ্গে আপনার আগে থেকেই সখ্য ছিল। ভোটে জেতার জন্য বিডিআরদের দাবি-দাওয়াকে ব্যবহার করেছিলেন—এর জবাবে সাক্ষী বলেন, ‘বিডিআরের ভোট তিন হাজার, আমি ৫০ হাজার ভোটে জিতেছি।’জেরা শেষে বেলা আড়াইটার দিকে এ মামলার কার্যক্রম ১১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। এক মাসের মধ্যে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন জানান। গুরুত্বপূর্ণ সাক্ষীদের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদের সাক্ষ্য গ্রহণ বাকি আছে।