বিডিআর পুনর্গঠন, এক বছরে শুধু পোশাক বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের পর এ বাহিনীর পুনর্গঠনের বিষয়টি বেশ জোরেশোরে আলোচিত হলেও এক বছরে এর অগ্রগতি খুবই সামান্য। পোশাক বদল ছাড়া এখন পর্যন্ত চোখে পড়ার মতো আর কোনো অগ্রগতি হয়নি। এ ছাড়া বাহিনীর জন্য নতুন একটি আইনের প্রস্তাব করা হলেও এখন পর্যন্ত তার খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়নি। অন্য সব প্রস্তাব কবে শেষ হবে তারও কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম নিজেও এ কথা স্বীকার করেছেন। তিনি বলেন, পুনর্গঠন এক দিনের ব্যাপার নয়। তিন বছরে ধীরে ধীরে এসব হবে।সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের পর প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করতে গত বছরের ২৩ মার্চ বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির তৃতীয় বৈঠকে বিডিআর পুনর্গঠনের ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বিডিআর পুনর্গঠনের রূপরেখার খসড়া তৈরি করে। খসড়াটি গত বছরের ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দেন।বিডিআর সূত্র জানায়, রূপরেখায় বিডিআরের নাম বদল করে ‘বর্ডার গার্ডস বাংলাদেশ’ বা বাংলাদেশ সীমান্ত বাহিনী রাখার প্রস্তাব করা হয়। দুই ভাষাতেই নামটি ব্যবহার হবে। এ ছাড়া বাহিনীর পোশাক নির্ধারণ করা হয় চার রঙের সংমিশ্রণে কমব্যাট। পুনর্গঠনের মধ্যে বাহিনীর পোশাকের রং পরিবর্তনের বিষয়টি গত ১৬ সেপ্টেম্বর সরকার অনুমোদন করে। এরপর বাহিনীর সদস্যরা এ পোশাক পরতে শুরু করেন।সূত্র জানায়, প্রস্তাবিত পুনর্গঠনে বিডিআরের বর্তমান কাঠামোর বদলে চারটি আঞ্চলিক সদর সপ্তর, পাঁচটি সেক্টর সদর দপ্তর ও ১১টি বিডিআর ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব করা হয়। এ ছাড়া বর্ডার অপারেশনাল পোস্টের (বিওপি) কার্যক্রম ও সমগ্র সীমান্তে নজরদারি বাড়াতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ৬৯টি নতুন বিওপি স্থাপন ও একটি বিওপি সীমান্তের কাছাকাছি এলাকায় স্থানান্তর করার প্রস্তাব করা হয়। কমিটি তাদের সুপারিশে বিডিআরের জন্য তিন স্তরবিশিষ্ট গোয়েন্দা নেটওয়ার্ক তৈরির প্রস্তাব করেছে। এ বিষয়টিরও কোনো অগ্রগতি হয়নি। বিদ্রোহসহ বড় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের থাকার সুপারিশ করে গত বছরের ১৫ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০০৯’ নামে বিডিআরের প্রস্তাবিত নতুন আইনের খসড়া জমা দেওয়া হয়। প্রস্তাবিত আইনে নিজের বাহিনী ও সশস্ত্র বাহিনীতে বিদ্রোহের উসকানি দিলেও মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে।