বিডিআর বিদ্রোহ বিচারে স্বচ্ছতা চেয়েছে মানবাধিকার কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেছেন, ‘বিডিআর বিদ্রোহের বিচার অস্বচ্ছ ও অন্যায্য প্রক্রিয়ার সম্পন্ন হলে ভবিষ্যতের জন্য তা শুভ ইঙ্গিত বহন করবে না।’ দুই দিনের খাগড়াছড়ি সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খাগড়াছড়ি শিশু পরিবার (শিশু সদন) পরিদর্শন শেষে মিজানুর রহমান খান বলেন, ‘আমাদের রাষ্ট্র দরিদ্র ও সম্পদ সীমিত। এর মাঝেও আমাদের সম্পদ কীভাবে ব্যবহূত হচ্ছে, তা খতিয়ে দেখতেই এ সফর। যেভাবে সম্পদ ব্যবহার করা হচ্ছে, আরও একটু উন্নততর ব্যবস্থাপনা করলে আরও ভালো সেবা দেওয়া সম্ভব। সভ্য দেশে ভালো সেবা পাওয়া মানবাধিকার হিসেবে বিবেচিত হয়।’ তিনি আরও বলেন, ‘দেশের অধিকাংশ শিশু সদনে ছেলেমেয়েদের দিয়ে রান্নাবান্নার কাজ সারা হয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় ও আন্তর্জাতিক আইনে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি শিশু সদনে বাবুর্চির পদ সৃষ্টি করে শিশুদের রান্নাবান্নার কাজ থেকে রেহাই দেওয়ার অনুরোধ জানান। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জেলা কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘সেখানে অনেক বিডিআর জওয়ান আটক আছেন। তাঁরা প্রত্যেকেই অভিযোগ করেছেন, ন্যায়বিচার পাচ্ছেন না। বিচারপ্রার্থী যদি ন্যায়বিচার থেকে বঞ্চিত বোধ করেন, অস্বচ্ছ ও অন্যায্য প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয়, তাহলে সেটি ভবিষ্যতের জন্য শুভ ইঙ্গিত বহন করবে না।’ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে স্বচ্ছ ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান। মিজানুর রহমান খান গতকাল সোমবার বিকেলে খাগড়াছড়ি পৌঁছে জেলা কারাগার ও জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন।